মজুরি বোর্ড
ন্যূনতম মজুরি বোর্ড সভার দ্রুত তারিখ ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর
ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরির প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা পেশ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতও ছিল।
তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে। এ সময় মালিকপক্ষ অসুস্থ শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে।
বিবৃতিতে মালিকপক্ষ আরও জানায়, আগামী ১ ডিসেম্বর নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট সময়সীমা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ কারণে মজুরি নির্ধারণের এই প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হওয়া জরুরি বলে মনে করছে তারা।
মালিকপক্ষের মতে, দ্রুততম সময়ের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে কারখানা মালিকরা বর্ধিত মজুরি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন।
সার্বিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে মালিকপক্ষ।
৮ দিন আগে
মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত: নাজনীন আহমেদ
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা এড়াতে আগেই মজুরি বোর্ড গঠন করে মালিক, শ্রমিক ও সরকারে একত্রে বসে আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজি এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, শুধু মজুরি বাড়িয়েই পোশাক শ্রমিকদের সুরক্ষা সম্ভব নয়। কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ সুন্দর কাঠামো থাকতে হবে।
মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত উল্লেখ করে তিনি বলেন, মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকার একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল ।
নাজজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমান নির্বাহের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। যেকোনো অস্থিরতা ক্রেতাদের আস্থা কমিয়ে দেয়।
ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো নেওয়া অর্ডার নির্ধারিত সময়ে সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে। কোনোভাবেই সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক—শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিও বাড়ছে, যার প্রভাব পড়তে পারে রপ্তানিতে।
তিনি বলেন, অস্থিতিশীলতা চলতে থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এ খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের চলমান আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ ধরনের অপচেষ্টা হলে কঠোর হাতে দমন করা উচিত।
‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
১১ দিন আগে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২,১৩১ টাকা করার প্রস্তাব শ্রমিক জোটের
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ৫৫টি নিবন্ধিত পোশাকশ্রমিক ফেডারেশনের প্রতিনিধিত্বকারী পাঁচটি জোট।
একই সঙ্গে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ নির্ধারণ, বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টসহ মজুরি কাঠামোতে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে তারা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভার আগে স্মারকলিপির মাধ্যমে এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে জমা দেয় জোটগুলো।
বোর্ডের সব সদস্যের উপস্থিতিতে দুপুর ১২টায় সভা শুরু হয়।
শ্রমিক জোটগুলোর প্রস্তাব অনুযায়ী, নতুন মজুরি কাঠামো নির্ধারণে ১২টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে।
এসব বিষয়ের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয়, সরকারি বেতন কাঠামো এবং আঞ্চলিক প্রতিযোগী দেশ পাকিস্তান, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনামূলক মজুরি কাঠামো।
প্রধান প্রস্তাব
মূল বেতন: মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে এ প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও অবসরের পর চাকরি-সংক্রান্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের আর্থিক ক্ষতি না হয়।
বাড়িভাড়া: মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বার্ষিক ইনক্রিমেন্ট: মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট চালুর প্রস্তাব করা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা জানান, বাংলাদেশের মোট কর্মক্ষম জনসংখ্যা প্রায় সাত কোটি ৫০ লাখ। এর মধ্যে প্রায় ৪০ লাখ শ্রমিক তৈরি পোশাক খাতে কাজ করেন।
তারা বলেন, বিপুলসংখ্যক এই শ্রমিকের জীবিকা, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো জরুরি।
সোমবারের আলোচনার পর ডাইং ও নিট খাতের শ্রমিকদের জন্য অতিরিক্ত সুনির্দিষ্ট প্রস্তাব যুক্ত করা হবে বলেও জানিয়েছে জোটগুলো।
এদিকে সভা চলাকালে মজুরি বোর্ডের কার্যালয়ের বাইরে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে মজুরি বোর্ড গঠন করে সরকার। নবগঠিত বোর্ড গত ৪ নভেম্বর প্রথম সভা করে।
ওই সভায় জানানো হয়, সংশোধিত মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পোশাকশ্রমিকরা ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন।
এর আগে খাতটিতে শ্রমিকদের আশ্বস্ত করা ও স্থিতিশীলতা বজায় রাখতে মজুরি পুনর্নির্ধারণের সময়সূচি দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএ নেতারা।
১৫ দিন আগে
ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর, বাড়তি বেতন জানুয়ারি থেকে
পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরে কার্যকর হবে। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন।
বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাকশ্রমিকদের জন্য পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ সময়সূচি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার যৌথভাবে এ ঘোষণা দেন।
নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করেন।
পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বাড়ানোর দাবিতে ধারাবাহিক উচ্চপর্যায়ের আলোচনার মধ্যে পুনর্গঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হলো।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের নিজ নিজ মজুরি প্রস্তাব জমা দেবেন।
বোর্ডের নিরপেক্ষ সদস্য একটি প্রস্তাব জমা দেবেন বলেও জানান চেয়ারম্যান। এরপর প্রস্তাবিত মজুরির হার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
এর আগে গত রবিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে যথাক্রমে মালিক ও শ্রমিকদের প্রতিনিধি করা হয়েছে।
একই দিনে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে যথাক্রমে মালিক ও শ্রমিকপক্ষের খাতভিত্তিক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে বদলি করে। একই সঙ্গে সৈয়দ আজাদ সুবহানীকে তার স্থলাভিষিক্ত করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে তৈরি পোশাক খাতের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠক শেষে দেশের প্রধান জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের মাহমুদ হাসান খান বলেন, মজুরি বোর্ডের সময়সূচি দ্রুত ঘোষণা করা হলে পোশাকশ্রমিকরা আশ্বস্ত হবেন এবং এ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
২০ দিন আগে
মজুরি বোর্ডের মাধ্যমে শিগগিরই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শ্রমিক সংগঠন, গার্মেন্টস মালিকদের সংগঠন ও সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকার কয়েক সপ্তাহ আগে থেকেই এ বোর্ড গঠনের উদ্যোগ নেয়। মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলো নাম দিতে কয়েক দিন সময় নেয়। সর্বশেষ গত পরশু রাতে তারা প্রতিনিধিদের নাম দেয়।
মজুরি বোর্ড রবিবার গঠন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয়, তাদের জীবনমানের উন্নতি হয় এবং তাদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে মজুরি নির্ধারণ করা হয়।’
আগামী ডিসেম্বরে ন্যূনতম মজুরি নির্ধারণের সময়সীমা তিন বছর পূর্ণ হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।
শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদে সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘কিছু শিল্প মালিক, মিল মালিক জড়িত আছেন। কিছু শ্রমিক সংগঠনের ব্যানারেও, যারা শ্রমিকদের কল্যাণ চায় কি না, সেটা প্রশ্নবিদ্ধ। তারা অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করেছে। রাস্তায় আন্দোলনের নামে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে, যা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে না।’
সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলাবিরোধী কাজ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কঠোর হাতে দমন করা হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রবিবারই এ ধরনের কিছু ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অডিও, ভিডিও ও বিভিন্ন সহিংস ঘটনার সচিত্র ভিডিও ক্লিপ সাংবাদিকদের কাছে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে শ্রমিক নন, এমন ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টি সরকার ও মালিকপক্ষের আলোচনায় এসেছে। মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে যেসব শিল্পমালিক ও কারখানা বন্ধ রাখা হয়েছে, তাদের তালিকা দিতে মালিকপক্ষকে বলা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু শ্রমিক নেতা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকাও মালিকপক্ষের কাছে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কাজে লিপ্ত থাকতে পারে না।
যারা অস্থিরতা সৃষ্টি করেছে, তারা শ্রমিক নয়; বরং পতিত শক্তির চিহ্নিত দুষ্কৃতকারী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রকৃত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা কখনও নিজেদের কর্মসংস্থান বিনষ্ট হোক, তা চাইতে পারেন না। গত কয়েক দিনের অস্থিরতা সৃষ্টির চেষ্টায় প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠনের নেতারা জড়িত নন বলে সরকার বিশ্বাস করে।
কেউ ভুলক্রমে এসব কর্মকাণ্ডে জড়িয়ে থাকলে তাদের তা থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
২২ দিন আগে
বিক্ষোভের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ না করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন নিয়ে পৃথক প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রণালয়।
বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর ১৩৮ ধারা অনুযায়ী বোর্ডটি গঠন করা হয়েছে। আইনের ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে এই বোর্ডকে।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে শ্রমিকদের প্রতিনিধি করা হয়েছে।
পাশাপাশি পোশাকশিল্পের দুই প্রতিনিধিও বোর্ডে থাকছেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামছুদ্দিন মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হলো।
ঢাকায় মিরপুর-১০ গোলচত্বর ও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে রবিবার শ্রমিকরা অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
২৩ দিন আগে
মজুরি বোর্ড গঠন রবিবার, শ্রমিকদের আন্দোলনের কারণ নেই: শ্রমমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, শুক্রবার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে রবিবার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।
তথ্য অধিদপ্তরের তথ্যবিবরণীতে আরও জানানো হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর আলোচনা হয়েছে।
সংগঠন দুটির নেতৃবৃন্দ মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন বলে আরিফুল হক চৌধুরী জানিয়েছেন।
মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে শ্রমিকদের উত্তেজিত করছে।
প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তা গণমাধ্যমকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান শ্রমমন্ত্রী।
তবে তিনি উল্লেখ করেন, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।
মন্ত্রী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। তাই গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএর সহ সভাপতি মো. রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২৪ দিন আগে
গণমাধ্যমকর্মী বিল সংসদে উত্থাপন
সাংবাদিক ও অন্যান্য কর্মচারীর চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসাম মাহমুদ বিলটি উত্থাপন করলে তা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিলে গণমাধ্যম ক্ষেত্রে সাংবাদিকদের শ্রমিকের পরিবর্তে কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয়ার বিধান রয়েছে।
মজুরি বোর্ড প্রস্তাবিত আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিকসহ সব গণমাধ্যমের সাংবাদিক ও কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে।
আরও পড়ুন: সংসদের ১৭তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
বিল অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের কাজের সময় সপ্তাহে ৪৮ ঘণ্টার পরিবর্তে ৩৬ ঘণ্টা হবে, নৈমিত্তিক ছুটি হবে ১০ দিনের পরিবর্তে ১৫ দিন এবং অর্জিত ছুটি হবে বার্ষিক ৬০ দিনের পরিবর্তে ১০০ দিন।
এছাড়া উৎসবের ছুটি থাকবে বছরে ১০ দিন, বিনোদন ছুটি প্রতি তিন বছর পর এক মাসের জন্য এবং মাতৃত্বকালীন ছুটি থাকবে ছয় মাস।
কেউ বা সংস্থা বিলের বিধান লঙ্ঘন করলে তাকে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কেউ বা কোনো সংস্থা বিলের বিধান লঙ্ঘন করলে তাকে আর্থিক জরিমানা বা কারাদণ্ড দেয়া হবে।
২০১৮ সালের ১৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২ এর খসড়া অনুমোদন দেয়।
আরও পড়ুন: জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু
১৭০২ দিন আগে