কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে নিজ কেন্দ্রে গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর হাসনাত বলেন, ‘নতুন ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেমন থাকে, তা-ই দেখার বিষয়।’
তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। আগে কখনও ভোট দিইনি। এবার প্রথম ভোট দিলাম এবং প্রথম প্রার্থীও হয়েছি।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। সকল শ্রমজীবী-পেশাজীবী যারা ফ্যাসিবাদি শাসন থেকে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকে যে অধিকার আপনারা অর্জন করেছেন, সেই ভোটাধিকার আপনারা সবাই প্রয়োগ করুন।’
এ সময় দেবীদ্বারবাসীকে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।