পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফের আয়োজনে ব্রি-স্টং প্রকল্পের উপকারভোগীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। হাসিনা যখন এত অত্যাচার-নির্যাতন করেছে, তখন দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা দেওয়া এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য তো বিরোধী দলের সহযোগিতা লাগবে। অথচ আমরা যেদিন দায়িত্ব নিলাম, সেদিন তারা (জামায়াত) আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন না।
তিনি আরও বলেন, আমরা ১২ তারিখে নির্বাচিত হওয়ার পর ১৭ তারিখে শপথ নিয়েছি। দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা কিন্তু সেদিন উপস্থিত হয়নি। আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছেন যে আন্দোলন করবেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত তারা প্রোগ্রাম করে এবং এমন এমন ভাষায় কথা বলে—এখন তারা রোডমার্চ দেয়। তারা বলেন, আন্দোলন করবে। বাংলাদেশটা যদি এভাবে আন্দোলনের ওপর থাকে তাহলে কি এলাকার উন্নয়ন হবে? তাহলে আন্দোলন দেশের জন্য ক্ষতি।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আসলে তারা আন্দোলন করছে, মনে করছে যে বিএনপিকে জিম্মি করে আন্দোলন করে হাসিনা যেভাবে ১৭২ দিন, ১৭৩ দিন টানা হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে একবার ক্ষমতায় এসেছে।’
বিরোধীদলের আন্দোলনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বিরোধীদল মনে করছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। তারেক জিয়া দুর্বল হয়ে পড়বে, মন্ত্রী, এমপিরা, নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়বে। মা-বোনেরা বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ভোট দিবে ক্ষমতায় আনবে। এই সুযোগ কি দেওয়া যাবে? এই সুযোগ যাতে দেওয়া না যায়, এজন্য আমাদের মা-বোনদেরকে নিয়ে, নেতা-কর্মী, যুবক-ছাত্র-তরুণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।