রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন কলা মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় নিজ বাসায় এই ঘটনা ঘটে। পরে সকালের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায়। তার বাবার নাম মো. ওসমান গনি। সে ঢাকা সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহতের চাচা জাকির হোসেন জানান, রাতে আমরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। সেই সুযোগে রিশাত মাঝরাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে সকালের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭ টার দিকে জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।