কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান ও সিএনজিচালক দুলু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকালে ওমেরা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুড়িগ্রামের দিকে আসছিল। পথে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এরশাদ আলীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়।
আহত বাকি চারজনকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।