কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে এ অভিযান চালায়।
এ নিয়ে জেলায় চার দফা অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ থাকা স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এতে অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন ও তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করা হয়। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) রাতের অভিযানে আরও ৩৭৯ জন আটক হওয়ায় চার দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।