আটক
চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জনকে জেলে প্রেরণ
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আটকদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুজন ছেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, অভিযানের পর উপজেলা সদরে ফিরে এসে গভীর রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে হাতেনাতে মোট ৩২ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ শুক্রবার এদেরকে জেলে পাঠানো হয়েছে।
তাছাড়া, অভিযানের সময় জব্দ করা প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ২৪ কেজি মা ইলিশ আজ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে ।
ইউএনও নজরুল ইসলাম আরও বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
২ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৫১৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত কুমিল্লা জেলার কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান চালায়।
অভিযানে নগরী এবং প্রত্যেকটি থানা এলাকায় যেসব জায়গায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সে সব চিহ্নিত স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ ৫১৯ জনকে আটক করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।
২ দিন আগে
হবিগঞ্জে সিঁধ কেটে চুরি করা শিশু উদ্ধার, দুলাভাই আটক
হবিগঞ্জ সদর উপজেলায় ঘরের সিঁধ কেটে চুরি করা এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই জিসানকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের রতনপুর গ্রামে জিসানের ভাগনে বিজয়ের বাড়ি থেকে সানি মাহমুদ ইয়াসিনকে (৫) উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে সানিকে চুরি করা হয়।
ঘরের সিঁধ কেটে ঘুমন্ত শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান শুরু করে। আটক জিসানের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বিজয়ের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে জিসানের সঙ্গে শিশুটির বড় বোন শাকিলার বিয়ে হয়। শাকিলা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের কিছুদিন পর তিনি কর্মস্থলে ফিরে যান।
পরবর্তীতে জিসানের ও শাকিলার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। একপর্যায়ে শাকিলা তাকে তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন জিসান। পরে তিনি ভাগনে বিজয়, প্রতিবেশী কাজল ও বাবলুকে সঙ্গে নিয়ে শিশুটিকে চুরি করেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ধারণা করা হচ্ছে, তালাকের সিদ্ধান্ত থেকে স্ত্রীকে সরিয়ে আনতে শ্যালককে চুরি করেন জিসান। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা চলছে।
৩ দিন আগে
রংপুরে ছাদ ধসে ২ শ্রমিক নিহত: পৌর নির্বাহী কর্মকর্তা আটক
রংপুরের পীরগঞ্জে পৌরসভা ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
ওসি নাজমুল বলেন, নির্মাণকাজ তদারকির দায়িত্বে অবহেলা এবং কাজের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নিহতের ঘটনায় পৌরসভার সচিব (পৌর নির্বাহী কর্মকর্তা) টিপুকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে আটককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।
এর আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পৌরসভার নির্মীয়মাণ ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চারজন নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্যরত চিকিৎসক গাইবান্ধার সাদুল্লাহপুর থানার আসাদুল হক (৩০) ও রংপুর সদর থানার শিহাবকে (১৯) মৃত ঘোষণা করেন। আর আহতদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৪ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এতে অংশ নেয়।
কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব থানা এলাকায় কিশোরদের দিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
আটক ব্যক্তিরা অপরাধে জড়িত কি না, তা যাচাই করছে পুলিশ। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযান চলাকালে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
৬ দিন আগে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সীমানাপ্রাচীরের বিপরীতে আগারগাঁও বাইপাস সড়কের প্রবেশমুখে ককটেল নিক্ষেপের ঘটনায় তিন সন্দেহভাজনকে আজ শনিবার আটক করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
মোটরসাইকেলে করে জাহাঙ্গীর গেটের দিক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে আসা দুই যুবক আগারগাঁও বাইপাস সড়কের প্রবেশমুখে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ইউএনবিকে বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করেছে। জড়িতদের শনাক্ত করতে আরও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান উপ-কমিশনার।
এ ঘটনায় তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।
৮ দিন আগে
দর্শনা ইমিগ্রেশন দিয়ে দেশত্যাগের সময় হত্যা মামলার আসামি আটক
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় হত্যা মামলার আসামি মো. মাহবুব আলমকে (৪৯) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, কুষ্টিয়া সদর থানায় করা একটি মামলায় তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
৯ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে, এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৯ দিন আগে
চট্টগ্রামে ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ সিগারেট, একটি ডাম্প ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ইকো পার্ক-সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ ও এক হাজার ৮০০ প্যাকেট ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে মোট ১৮ হাজার ৮৯০ প্যাকেট চোরাই সিগারেট ও সেগুলো পরিবহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
এছাড়া অভিযানকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা সিগারেট ও ডাম্প ট্রাকের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা চোরাই সিগারেট, ডাম্প ট্রাকসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
১১ দিন আগে
শরীয়তপুরে নার্সকে মারধরের অভিযোগে রোগীর স্বামী আটক
শরীয়তপুর সদর হাসপাতালে ইনজেকশন সংগ্রহকে কেন্দ্র করে এক স্টাফ নার্সকে মারধর ও নার্সদের কক্ষের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠেছে এক রোগীর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মুয়াজ নামের ওই ব্যক্তিকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কক্ষে এ ঘটনা ঘটে। আটক মুয়াজ শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার জানান, অসুস্থ স্ত্রীকে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসেন মুয়াজ। চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করেন এবং প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন সংগ্রহের জন্য বলেন। এ সময় হাসপাতালে মজুত না থাকায় ইনজেকশনটি বাইরে থেকে সংগ্রহের জন্য টোকেন দেওয়া হয়।
কিন্তু মুয়াজ ফার্মেসি থেকে ইনজেকশনের পরিবর্তে ট্যাবলেট নিয়ে আসেন। এ নিয়ে কর্তব্যরত নার্সের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি নার্সকে মারধর করেন এবং নার্সদের কক্ষে থাকা চেয়ার ভাঙচুর করেন।
আরও জানা যায়, ঘটনার সময় কর্তব্যরত স্টাফ নার্স জান্নাতী রহমানের সঙ্গে মুয়াজের বাগ্বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মুয়াজকে আটক করে থানায় নিয়ে যায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সদর হাসপাতালে ঘটনার পর মুয়াজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১৪ দিন আগে