খুলনায় নিখোঁজের ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় হানিফ শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে নগরীর জেলখানা খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হানিফ শেখ নগরীর ৪ নম্বর ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।
প্রতিদিন সন্ধ্যা থেকে সারা রাত রিকশা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়ি ফিরতেন হানিফ। কিন্তু গত বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে নদীতে নেমে তিনি নিখোঁজ হন। পরে তার পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় ডুবরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়েও তাকে না পেয়ে সন্ধ্যায় অভিযান শেষ করেন। তার ৩ দিন পর আজ (শনিবার) সকাল ৬টার দিকে জেলখানা খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘাট এলাকার স্থানীয়রা জানান, আজ সেহরির কিছুক্ষণ পর নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান তারা। এরপর স্থানীয় থানায় খবর দিলে থানা থেকে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নৌপুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
তিনি আরও বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।