গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিরুদ্ধে একজন গাড়িচালককে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ চালক ও চালকের সহযোগীরা। এ সময় ঘটনাস্থলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য মহাসড়কের ওপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন চালকরা। গাড়ির এই দীর্ঘ সারির কারণে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে পাশে রাখার নির্দেশ দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে চালকদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিতণ্ডার একপর্যায়ে এক চালককে মারধর করে গুরুতর জখম করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে চালকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল শুরু হয়।