চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, অভিযানে আব্দুল মাবুদ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধি ও বাংলাদেশ পাসপোর্ট আদেশের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
এদিকে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, জাল দলিল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।