চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে রেহানা মারা যান।
নিহত রেহানা হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। তিনি দুটি সন্তান রেখে গেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রেহানা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক দিয়ে অটোরিকশায় করে মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, এখনও মামলা হয়নি। মরদেহ দাফনের জন্য ফেরত দেওয়া হয়েছে।