চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন একটি কালভাটে পড়ে মোটরসাইকেলআরোহী দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিলেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই খোকন চন্দ্র জানান, কানসাট থেকে মোটরসাইকেলযোগে ভোর সোয়া ৫টার দিকে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন হাবিবুর রহমান ও আবুল হায়াত। এ সময় অসাবধানতাবসত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে পড়ে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
পরে পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।