ঝিনাইদহ জেলার শৈলকুপা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে শৈলকুপা থেকে একটি মাহেন্দ্র মুরারীদহ এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি ড্রাম ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের যাত্রী পাটি ব্যবসায়ী কমল কুমার সাহা ও ওহিদুজ্জামান গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কমল কুমার রাত ১১টার দিকে মারা যান।
নিহত কমল কুমার সাহা (৩৭) শৈলকুপা পৌর শহরের নগরপাড়া এলাকার সুধীর সাহার ছেলে।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন হোসেন (২৪) নামে এক যুবক নিহত হন।
নিহত ইয়াসিন হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মঞ্জের আলীর ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।