ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতির নাম মো. ইসমাইল (২৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে কোন মামলায় তিনি বন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।