গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভের মধ্যে আশপাশের কয়েকটি কারখানা আজকের (শনিবার) জন্য ছুটি ঘোষণা করে।
প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে পোশাকশ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড ইতোমধ্যে দুটি বৈঠক করেছে। আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ করছেন।