ভুয়া চিকিৎসক সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক তরুণীকে আটক করেছেন আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
আটক কনা আক্তার শান্তা (২২) পটুয়াখালী জেলার বাউফল থানার বটতুলিয়া এলাকার বাসিন্দা।
ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।
এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানান।
পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে শনাক্ত করতে না পারলে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ এসে ওই তরুণীকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।