ঝিনাইদহ সদর উপজেলায় ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন মজিবর খাঁ (৬০) ও মোমেনা খাতুন (৫৫) নামে এক দম্পতি।
সোমবার (১৮ মে) সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রতিবেশী খায়রুল ইসলাম জানান, ভোরে মজিবর খাঁ নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যান চালু করে ধান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরপরই তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং তিনি বৈদ্যুতিক তারে আটকে যান। চোখের সামনে স্বামীকে ছটফট করতে দেখে এক মুহূর্তও ভাবেননি স্ত্রী মোমেনা খাতুন। জীবনসঙ্গীকে বাঁচানোর আকুলতা নিয়ে তিনি দ্রুত মজিবরকে টেনে ছাড়াতে যান। কিন্তু কোনো সেফটি বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় তিনিও মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই দম্পতি।
খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। ধানের ওপরেই পড়ে ছিল এই দম্পতির মরদেহ।
গ্রামীণ জনপদে ধান কাটার এই মৌসুমে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে গাগান্না গ্রামে এখন শুধুই কান্নার রোল। প্রতিবেশীরা এই ভালোবাসার করুণ পরিণতি দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যানের ছেঁড়া তার থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।