নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিকআপভ্যান ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার। এর আগে শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের ইমন ও মো. রিফাত হৃদয়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের আব্দুল্লাহ আল মুন্না (রুমান), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রহমত আলী (জিল্লুর) ও নোয়াখালীর সেনবাগ পৌরসভার জসিম উদ্দিন।
সহকারী পুলিশ সুপার রায়হান সরকার জানান, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কের মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকার ইসমাইল হোসেনের বাড়ির সামনে কয়েকজন ডাকাত মিলে তাদের পিকআপভ্যান দিয়ে ডিমবোঝাই আরেকটি পিকআপভ্যান আটকায়।
এ সময় তারা ডিমের গাড়ির চালক ও তার সহযোগীকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে ফেলে যান।
এ ঘটনায় ডিমের গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার নোয়াখালী জেলার সেনবাগ দক্ষিণ বাজার থেকে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাতদের পূর্বপরিচিত জসিম উদ্দিনকে আটক করা হয়। তার হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপভ্যান, ডিমের খালি ক্যারেট ও ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করেন।