নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদের তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের সময় যুবকের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।
মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে দেহ নদীর তীরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচা-গলা লাশটি উদ্ধার করে। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে এবং উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল।
তিনি আরও বলেন, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।