বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে বিক্ষুব্ধরা হামলা চালায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনগণ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য বন্ধের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কালিয়া উপজেলা শাখার নেতাকর্মীরা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
মিছিলটি বেন্দাচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে জাতীয়তাবাদী কৃষকদলের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতারা শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান।