ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মেরকুটা উত্তরপাড়া গ্রামের সৌদিপ্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে বল দিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে আরেক ভাইও পানিতে নামে। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে মারা যায়।
দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে যমজ দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে আক্কাস মিয়ার পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।