বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে গত শনিবার সকালে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র অবস্থায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় একাধিক ককটেল বিস্ফোরণও ঘটান তারা। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন নগরীর বাসিন্দারা।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নামধারী আসামিরা হলেন সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নগরীর সদর রোডের বাসিন্দা রমিজ হাওলাদার বলেন, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুবই দুর্বল, তার অন্যতম উদাহরণ একের পর এক ছাত্রলীগের মিছিল ও সমাবেশ। ঢাকার বাইরে একমাত্র বরিশাল নগরীতেই একাধিক মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা।
পুলিশের দুর্বল ভূমিকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি করার সাহস পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিল করার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।