লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আসামি করে আদিতমারী থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীরপাড় এলাকার মাদরাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থী আবাসিকভাবে মাদরাসায় থাকত।
অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদরাসার শিক্ষক মো. শাহজালাল হক (২৩) শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডাকেন। সেখানে তিনি জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান।
পরদিন সকালে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে তারা বিষয়টি জানতে পারেন।
এরপর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদরাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। সে সময় মাদরাসা কর্তৃপক্ষ জানায়, তিনি ছুটিতে বাড়িতে গেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক মাদরাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।