ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আ. গনির মেয়ে তানহা (১০) এবং মো. শাহিনের মেয়ে মাহা (৯)।
স্থানীয়, পুলিশ ও পরিবারের লোকজন জানান, আজ (শুক্রবার) সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করেন।
অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানায় তারা। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।