ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শিবপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)।
স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব আলীর বাড়ির পাশের একটি বাগানে গাছ কাটতে যান আলম বক্তার। এ সময় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার দুই ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান আলম বক্তার।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটির স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী।