মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে ব্যর্থ হয় তারা।
বিজিবি শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।
পরে সকাল পৌনে ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, গোয়েন্দা তথ্য, সীমান্তে টহল দলের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ চেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।