ময়মনসিংহের ত্রিশালে বাবার হাতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম লাবিব। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা সোহাগ চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সোহাগ একাধিক বিয়ে করায় লাবিবের মা তাকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন।
গতকাল (বুধবার) বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে গিয়ে ছেলে লাবিবকে সঙ্গে করে নিয়ে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে শিশুটির নানার বাড়িতে পাশের একটি নির্জন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড এবং শিশুটি বাবার হাতেই হত্যার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান চলছে।