রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি বালুবাহী ট্রাক জলঢাকার দিক থেকে পাগলাপীর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।