রাজধানীর উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আঁখি (৩০)
আহতদের হাসপাতালে নিয়ে আসা রাতুল হাসান তুষার জানান, আজ (শনিবার) সকালে আমার মা রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার মা-বাবা ও বোনসহ তিনজনই দগ্ধ হন। তাদের মধ্যে আমার বাবা এবং মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমার বোনের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে সিলিন্ডারের গ্যাস লিকেজ বিস্ফোরণ থেকে দগ্ধ হয়ে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেছি।