রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম নাঈমুর রহমান। আহতরা হলেন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এ সময় তারা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে হামলাকারীরা।
পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি জানান, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন ।