রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি বহুতল ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে এলিফ্যান্ট রোডের ১৪ তলা বিশিষ্ট আল-বারাকা টাওয়ারের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শিহাব সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটি থেকে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ জেলার বাবুল মিয়ার ছেলে মো. জনি (২৪) এবং বগুড়ার কাহালু উপজেলার সেলিম সরকারের ছেলে আব্দুস সালাম (২০)। জনি ব্যারিস্টার মোয়াজ্জেমের সহকারী (ক্লার্ক) এবং সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল সরোয়ার জানান, রাত ১টার দিকে আগুন লাগার পর ভবনের ওপরের তলাগুলো ধোঁয়ায় ভরে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।