লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গরু নিয়ে যাওয়ার সময় ভটভটি গাড়ি উল্টে মফিজুল ইসলাম (৫৫) নামে এক খামারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গরুর খামারি ছিলেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি গরু নিয়ে ভটভটি গাড়িতে করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটে যাচ্ছিলেন মফিজুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী।
গাড়িটি রামদেব এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলামের মৃত্যু হয়। আহত গফুর ও ভটভটির চালককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।