লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি সীমান্তের পাশে ধানখেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট (গুলি) ছোড়েন। একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে মিজান নামে একজন কৃষক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে এখনও এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।