সাভারের আমিনবাজারে ছেলের পোশাক কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একদল হামলাকারীর মারধরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত এসআই আলতাফ হোসেন (৫৮) ঢাকা সিটি এসবির মার্কেটিং ইন্টেলিজেন্সে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের মৃত জুরান আলী শেখের ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আলতাফ তার পরিবারের সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন।
এসবি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ওই এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি পার্কিং নিয়ে আলতাফ ও তার ছোট ছেলে আরিফুল ইসলামের (২৬) সঙ্গে বড় ছেলে শরীফের (৩৩) মালিকানাধীন পোশাক কারখানার সামনে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দলের বিরোধ হয়। একপর্যায়ে তারা আলতাফ ও আরিফুলের ওপর হামলা চালালে তারা আহত হন।
পুলিশ আরও জানায়, মদিনা হাউজিং এলাকায় মো. আলামিনের বাড়িতে ভাড়া থাকতেন আলতাফ। ওই এলাকায় তার পাঁচ শতাংশ জমিও ছিল, যেখানে ছোট পোশাক কারখানাটি স্থাপন করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, পোশাক কারখানার সামনে একটি গাড়ি পার্ক করা নিয়ে এ ঘটনা ঘটে।
আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত ৯টা ১৮ মিনিটের দিকে আলতাফকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আরিফুল হাসপাতালে ভর্তি আছেন।
সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জহুরুল ইসলাম (৩০) নামের একজনকে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ আটক করেছে। তিনি মুসলেম উদ্দিনের ছেলে।