সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মাণের ৪ দিনের মাথায় হেরিংবন রাস্তার ইট তুলে নিয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আফসার আলী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে সাবেক ওই ইউপি সদস্যর নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে ওই গ্রামের ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যাতায়াত করতেন। সম্প্রতি তাদের প্রতিবেশী মিনা খাতুন ওই জমির ওপর বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। প্রায় ৩ সপ্তাহ অবরুদ্ধ থাকার পর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের চলাচলের জন্য ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যর একটি ইট বিছানো রাস্তা নির্মাণ করা হয়।
তবে, ইউএনও বদলি হওয়ার পর গতকাল (শনিবার) বিকেলে সাবেক ওই ইউপি সদস্যের নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যান।
এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন বলেন, ওই গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।