রাজধানীর হাজারীবাগে একটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
নিহত সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণগোপাল পাল জানান, ওই ভবনের সপ্তম তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা হাঁটতে বের হতেন। সকালে ভবনের নির্মাণশ্রমিকদের কাছ থেকে তিনি জানতে পারেন, তার বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। পরে শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।