সারাদেশ
রাজশাহীতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সাংবাদিক স্বামী আহত
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত নারীর নাম রওশন আরা (৫৫)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৬০)। তিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক হিসেবে কাজ করছেন। নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন। কামাল মালিক ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসা থেকে ওই দম্পতিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিক গোলাম কিবরিয়ার হাতে ও পায়ে জখম আছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তার অবস্থাও সংকটাপন্ন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন গোলাম কিবরিয়া। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাদের বের করা হয়েছে। মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন গোলাম কিবরিয়া। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে যাই। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।
রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পর্যক্ষেণ করেছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। ওই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যা-ই ঘটুক, তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছেন, এটুকু অনুমান করা যাচ্ছে।
১২৫ দিন আগে
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে সারি নদে চোরাবালিতে তলিয়ে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মুসআব আমীন (২৮) শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী। তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমানের ছেলে।
মুসআব শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জৈন্তাপুরের সারি নদে আজ (শুক্রবার) সকালের দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মুসআব। দুপুরের দিকে সারি নদের সাহেবমারা এলাকায় বন্ধুদের সঙ্গে নদের পানিতে গোসলে নেমেছিলেন তিনি। এ সময় নদের পানির নিচে চোরাবালিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিলেন না।
খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে তার নিথর দেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। আমরা ময়নাতদন্ত করার জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
১২৫ দিন আগে
নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার
নরসিংদীর বেলাবোতে নিখোঁজের তিন দিন পর আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেলবো উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। আজীমূলের নিখোঁজের পর থেকেই ওই দুই শ্রমিককেও খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি করার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা শুরু করে। পরে রাতে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
১২৫ দিন আগে
ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চরমপন্থি নেতা হানেফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়েছে ঝিনাইদহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। এ সময় মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারী গ্রেপ্তার হয়েছেন।
ঝিনাইদহ র্যাবের একটি দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ওই পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তিনি বাড়ি না থাকলেও আটক করা হয় তার প্রথম স্ত্রী তাছলিমা আক্তারকে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় দুই কেজি গাঁজা ও ৮টি রাম দা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে র্যাব-৬।
স্থানীয়রা জানান, হোসেন আলী চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসী হানেফ আলী নিহত হওয়ার পর তার বাহিনীর হাল ধরেন হোসেন আলী। তার কাছে হানেফ আলীর বেআইনি অস্ত্র ভান্ডার রক্ষিত আছে। এই অস্ত্র দিয়ে তিনি এখনও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, হোসেন আলী ‘দেশি’ নামে ভুয়া ও জাল ব্যান্ডরোলের একটি সিগারেট হরিণাকুণ্ডু এলাকায় বিক্রি করেন। তার সঙ্গে রয়েছে দিগনগর গ্রামের জিয়া ও পিটার। অবৈধভাবে নিম্নমানের দেশি সিগারটে বিক্রি করে হোসেন আলী লাখ লাখ টাকা কামালেও হরিণাকুণ্ডুর পুলিশ ও উপজেলা প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে বলে জানান স্থানীয়রা।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, র্যাব-৬ এর পক্ষ থেকে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১২৬ দিন আগে
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার সাধুখালী গ্রামে সকালে এ সংঘর্ষ বাঁধে।
আহতদের মধ্যে সাধুখালী গ্রামের মো. আইয়ুব হোসেন (৬০), মোলায়েম হোসেন (৫৫), মো. নুরুল হোসেন (৪৫), নূর আলী বাদশা (৪৭), মতিয়ার রহমান (৪৮), নূর আলী (৪৫), আতিয়ার রহমান (৪৬), ইজারত মন্ডল (৬০), মদিনা খাতুন (৫৫), আহাদ আলী (১৩) ও শফি উদ্দিনের (৬০) নাম পাওয়া গেছে।
পুলিশ জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই গ্রামের নূর আলী ও বাদশা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আজ (বৃহস্পতিবার) সকালে ওই জমির দখল নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ।
তর্কাতর্কির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৬ দিন আগে
কর্তৃপক্ষের আশ্বাসে ফরিদপুর ম্যাজিস্ট্রেট আদালতে ফিরলেন আইনজীবীরা
ফরিদপুরে আইনজীবীরা ‘কোর্ট বর্জন’ করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বৈঠকের পর বিচার কার্যক্রম সচল হয়েছে।
ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে গতকাল (মঙ্গলবার) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ (বুধবার) দুপুর পর্যন্ত চলে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু।
তিনি বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য ছিল না।’
তাই আইনজীবী সমিতি গতকাল দুপুর দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে ওই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
আইনজীবী পিলু বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় জেলা ও দায়রা মহোদয়ের আহ্বানে আমরা সমিতির কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ বিচারকগণ দীর্ঘ বৈঠক হয়। পরে বিচার বিভাগ আইনজীবী সমিতির দাবির বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দেন এবং তাদের অনুরোধে আইনজীবীদের কর্মসূচি প্রত্যাহার করা হয়।’
বিচার প্রার্থীদের ভোগান্তি:
এদিকে, আদালতের চলমান মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষায় থাকলেও আইনজীবীরা না আসায় আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হতে দেখা যায়নি।
জেলার আলফাডাঙ্গা থেকে আসা এক বিচার প্রার্থী বলেন, ‘এই আদালতে আইনজীবীদের কোর্ট বর্জন চলছে এটা জানা ছিল না, আমি ৫৫-৬০ কিলোমিটার দূর থেকে শহরে এসেছি । বিষয়টি আগে জানা থাকলে এতো কষ্ট করতে হতো না।’
একই রকম কথা বলেন সালথা থেকে আসা আরেক বিচারপ্রার্থী। তিনি বলেন, আদালতে বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার। কারণ আদালতে যে পরিমাণ মামলার জট তাতে যদি এভাবে আইনজীবীরা কর্মসূচি দেন তাহলে বিচার প্রার্থীদের ভোগান্তি আরও বাড়বে।’
উল্লেখ্য, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। তিনি আইনজীবী ও মক্কেলদের সঙ্গে রুঢ় আচরণ ও অশোভন ব্যবহার করেন—এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি আদালত বর্জন কর্মসূচি পালন করে।
১২৭ দিন আগে
কেরানীগঞ্জে খোলা জ্বালানি তেল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার কেরানীগঞ্জের অবৈধভাবে খোলা অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ১৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে তিন প্রতিষ্ঠান মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা ও (লুজ) জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এই অভিযানে চলে। ঢাকার হেমায়েতপুর সেনা ফাঁড়ির সদস্য এবং কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সেনা ফাঁড়ি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়েছে। অভিযানে অভিযুক্ত দোকান মালিকদের আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
তথ্য অনুযায়ী, রাকিব অটো নামের একটি প্রতিষ্ঠান থেকে এক হাজার লিটার অকটেন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনকে (৪৫) ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হামিম স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে ১০৩ লিটার অকটেন জব্দ করা হয়, সেইসঙ্গে প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরকে (৪৭) জরিমানা করা হয় ১০ হাজার টাকা। এ ছাড়াও ১৬০ লিটার খোলা অকটেন রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানার শিকার হন হৃদয় স্টোর নামের আরেকটি প্রতিষ্ঠানের মালিক আলতাফ হোসেন (৪৮)।
সূত্র আরও জানায়, দুই দিনের মধ্যে খোলা পেট্রোল বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ আদেশ অমান্য করা হলে পরবর্তীতে জেল ও জরিমানাসহ উভয়ে দণ্ডে দণ্ডিত হতে হবে।
জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা।
১২৭ দিন আগে
গাইবান্ধায় বিএনপিকর্মীকে গ্রেপ্তার, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মোটরসাইলে অগ্নিসংযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মামলার আসামি এক বিএনপিকর্মীকে গ্রেপ্তারের পর গভীর রাতে গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাহিদুরজামান নিশাতের সমর্থকদের সাতটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের নুরুজামান হাজী বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করেন। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল নামের এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারের পর গতকাল (মঙ্গলাবার) গভীর রাতে ফয়সালের লোকজন কচুয়া ইউনিয়নের নুরুজামান হাজীর বাড়িতে রাখা সাতটি মোটরসাইকলে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় নাহিদুরজামান নিশাত বলেন, ‘আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন এ ধরনের হামলা করছেন।’
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১২৭ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা মাশমুম ওই মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের জাহেদিয়া মাদরাসার সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১২৭ দিন আগে
বরিশালে অস্ত্র ও বোমাসহ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২
বরিশালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও বোমাসহ দুই আওয়ামী লীগ নেতা-কর্মী আটক হয়েছেন। তারা ‘কুখ্যাত সন্ত্রাসী’ হিসেবে এলাকায় পরিচিত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের আশোকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মহিলারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈকত গুহ পিকলু এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টু। সে সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৩টি হাতবোমা, দেশি-বিদেশি মদ ও ৫৭টি চেক বই উদ্ধার করা হয়।
তারা বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগের শাসনামলে পুরো এলাকাজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন সৈকত গুহ পিকলু।
নির্বাচন বানচালে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাশেদ।
তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এদের অস্ত্র, বোমা ও মাদকসহ আটক করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (বুধবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে যেকোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন সেনা সদস্যরা। এ ধরনের যেকোনো কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চলছে এবং তা চলবে। এর আগেও আমরা অস্ত্র ও মাদকসহ বেশকিছু সন্ত্রাসী ও অপরাধীকে আটক করে পুলিশে দিয়েছি।’
দুই ভাইয়ের গ্রেপ্তারের খবরে উপজেলাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী। তাদের দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে এভাবে অভিযান চলমান থাকলে অতি শিগগিরই অপরাধ নির্মুল হবে।
১২৮ দিন আগে