সারাদেশ
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নারী-পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের শুরুর দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় পুলিশ। ফলে প্রায় ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ আসার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরও সংঘর্ষ এড়াতে এলাকাজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়দের দাবি, গত দুই দিনে দুই দফায় তালুকদার গ্রুপের লোকজন অন্যায়ভাবে খান গ্রুপের লোকজনকে মারধর, বসতঘর ভাঙচুর ও হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে শুরু হয় পাল্টা হামলা।
তবে পুলিশের সঠিক তৎপরতা থাকলে ঘটনা এতদূর গড়াত না বলে দাবি তাদের। ঘটনাস্থলে উপস্থিত হয়েও পুলিশের নীরব ভূমিকার কারণে পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেওয়া কবির মাতুব্বর জানান, গত পরশুদিন (রবিবার) তার পক্ষের লোকজনকে মারধর, বসতঘরে হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষ তালুকদারের লোকজন। তার জের ধরে আজকে (মঙ্গলবার) এ সংঘর্ষ হয়।
প্রতিপক্ষের হাবিবুর রহমান তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে, তার পক্ষের শওকত হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিনের বিরোধ নিয়ে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। আজও তার জেরেই সংঘর্ষ হয়েছে। এতে তাদের পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত ২ দিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপরে বেদম মারধর করে। তারপর গত দুই দিনে এই নিয়ে দুই দফায় কবির খানের পক্ষের লোকজনের বসতঘর ভাঙচুর, লুটপাট চালানো হয়। সেসব ঘটনার জের ধরেই আজ (মঙ্গলবার) সকালে দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন।
ওসি আরও জানান, এ ঘটনায় আহতদের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সকাল ১০টার পর থেকে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৫২ দিন আগে
আত্রাই নদী থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার কারণ এখনও অজানা
দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদী থেকে গতকাল (সোমবার) উদ্ধার হওয়া দুই যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। তবে তাদের হত্যার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
নিহত দুই যুবকের একজন হলেন মোহাম্মদ রাসেল মিয়া (২৫)। তিনি উপশহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে। অপরজন নিমনগর দক্ষিণ বালুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সোমবার (১২ জানিয়ারি) চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষ্মীতলা সেতুর কাছে আত্রাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি বিশেষ টিম কাজ করেছিল। তাদের আঙুলের ছাপের মাধ্যমেও পরিচয় বের করতে পারেনি সিআইডি। পরে বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পরণের কাপড় দেখে তাদের শনাক্ত করেন স্বজনেরা।
পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক জানান, রাসেল ও আল আমিন প্রায়ই একসঙ্গে বের হয়ে ৫ থেকে ৭ দিন পর বাড়ি ফিরতেন। গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল, এরপর আর ফেরেনি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের।
তিনি আরও জানান, গতকাল (সোমবার) পরিবারের স্বজনরা বিচলিত হয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। পাশাপাশি কোনো খোঁজ পেলে তাদের জানানোর জন্য ফোন নম্বর দিয়ে রেখেছিলেন। পরে দিমেক হাসপাতালের মর্গে মরদেহ আসার পর তাদের খবর দেওয়া হলে মর্গে গিয়ে পরণের পোশাক দেখে দুই যুবককে শনাক্ত করেন তাদের স্বজনেরা। টানা কয়েকদিন মরদেহ পানিতে ডুবে থাকায় চেহারা বিকৃত হয়ে গিয়েছিল দুই যুবকের।
হত্যার কারণ জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৫২ দিন আগে
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, নেতা-কর্মীদের বিক্ষোভ
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০) মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের দাবি, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনী বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ডাবলু জীবননগর উপজেলা শহরের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের সদস্যরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় অভিযান চালান। ডাবলু ওই সময় একটি ওষুধের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে খবর আসে।
ডাবলুর মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থলে পুলিশ উপস্থিত হয়।
নিহতের ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেন, ‘অভিযানের নামে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে শামসুজ্জামান সহ্য করতে না পেরে মারা গেছেন।’
তবে সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, ডাবলুকে নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। এই সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।
এদিকে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শামসুজ্জামানের মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান আমাকে বিস্তারিত জানিয়েছেন। তার (কর্নেল) ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ (মঙ্গলবার) সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জীবননগর শহরজুড়ে বিএনপি ও এর অঙ্গসংঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিশেষ করে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
৫২ দিন আগে
জুরাইনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাশিরহাট গ্রামের মৃত আনিসুল মিয়ার ছেলে। পরিবার নিয়ে জুরাইন এলাকায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, আমার স্বামী নবাবপুরে ভ্যান চালানোর পাশাপাশি শ্রমিকের কাজ করতেন। গতকাল (সোমবার) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইনের বালুর মাঠ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৫২ দিন আগে
ফরিদপুরে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কা, তিনজন নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কা লেগে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা আপন ভাই। তারা ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে ছিলেন। অপরজন একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর পাঠানো হয়েছে। আরও ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ দুপুর আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশীর ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় জব্বার, মুছা ও জাহানারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৫৩ দিন আগে
শরীয়তপুরে ডগ স্কোয়াডের তল্লাশি: বাঁশঝাড়ে মিলল ৪৫ ককটেল
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১২ জানুয়ারি) ভোর থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ‘ডগ স্কোয়াড’-এর সহায়তায় বিলাসপুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. তানভীর হোসেন জানান, অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়ির আশপাশ ও বাঁশঝাড় থেকে ৪৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে তিন নারী ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একই ইউনিয়নের মুলাই বেপারি কান্দি গ্রামে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় আহত নবিন সর্দার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় জাজিরা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ২ জনকে আটক করেছে পুলিশ।
৫৩ দিন আগে
রাজনীতিকরা সদাচরণ করলে নির্বাচনে ঝুঁকি থাকবে না: ড. বদিউল
নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গিয়েছে। রাজনীতিকরা সদাচরণ করলে এই নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না।’
সোমবার (১২ জানুয়ারি) সকালে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সুজন সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে। এটাকে ট্র্যাকচ্যুত করার চেষ্টা হতে পারে। রাজনীতিক এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা আশঙ্কা থাকবে না। তারা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে।
‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় এই সংলাপে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের মতামত প্রকাশ করেন।
৫৩ দিন আগে
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সীমান্তে হাউসরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ হানিফ উপজেলার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের লম্বা বিলের মো. ফজলুল হকের ছেলে।
ভুক্তলোগীর বাবা মো. ফজলুল হক জানান, আমার ছেলে আজ সকালে হোয়াইক্যং লম্বাবিল সীমান্তের হাউসরদ্বীপ এলাকায় একটি চিংড়ি ঘেরে মাছ ধরতে গেলে ঘেরের বাঁধের মধ্যে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে। বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাঁ পায়েও গুরুতর জখম হয়েছে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কান্তি রুদ্র জানান, আজ সকালে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের হাউসরদ্বীপে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
৫৩ দিন আগে
সুনামগঞ্জের হাঁসের খামারে লুট, হামলায় মালিকসহ আহত ৩
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে একটি হাঁসের খামারে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে খামারের মালিকসহ তিনজনের ওপর হামলা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাতিরঘাটা হাওরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খামারের মালিক শিপন মিয়া (৩৫), তার ভাই হৃদয় মিয়া (২০) এবং খামারের কর্মচারী সাকিব মিয়া (২৪)। তারা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আজ (সোমবার) সকালে আহত শিপন মিয়া তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের জাহাঙ্গীর আলম (৫০), জমসেদ মিয়া (৩৬), তামজিদ মিয়া (৩০), মুনছুর মিয়া (৩২), আকিক মিয়া (৩৪), ছয়ফুল মিয়া (৩২) ও সামরান মিয়ার (৩৪) নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টার দিকে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শিপনের হাঁসের খামারে হামলা চালান। এ সময় খামারের কর্মচারী সাকিবকে মারধর করে বেঁধে রেখে প্রায় ৬৫০টি দেশি হাঁস লুট করে নিয়ে যান হামলাকারীরা, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এর পাশাপাশি ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লুটপাটের সময় বাধা দিতে গেলে শিপন ও হৃদয়কে দা, রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন অভিযুক্তরা।
ঘটনার পর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হৃদয়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৩ দিন আগে
দিনাজপুরে আত্রাই নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ২৪-২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষ্মীতলা সেতুর কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ৫ থেকে ৭ দিন আগে তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষ্মীতলা সেতুর কাছে আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে পারিনি। মরদেহ শনাক্তে আঙ্গুলের ছাপ স্ক্যান করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কাজ করছে।
হত্যাকারীরা নদীর উজানের কোনো স্থানে মরদেহগুলো ভাসিয়ে দিয়েছিল বলে নিজের ধারণার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
৫৩ দিন আগে