সারাদেশ
কুড়িলে ফুটপাতে পড়ে ছিল যুবকের মরদেহ
রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোডে বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পথচারীরা। তার বয়স আনুমানিক ২৩ বছর।
সোমবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. কায়েস মিয়া নামের একজন জানান, আজ (সোমবার) সকালের দিকে কুড়িল বিশ্বরোডের ফুটপাতে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমরা জানতে পারি, একটি গাড়ির ধাক্কায় ঘটনাটি ঘটেছে। পরে কয়েকজন মিলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, যুবকটি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।
৫৩ দিন আগে
ঝিনাইদহে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ২১ প্রত্নতত্ত্ব স্থাপনা
ঝিনাইদহের ইতিহাস মানেই শুধু অতীত নয়, এটি এই জনপদের আত্মপরিচয়। সময়ের স্রোতে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঝিনাইদহের শতাব্দী-প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো আজ চরম অবহেলার শিকার। অযত্ন, অপরিকল্পিত ব্যবহারে ক্ষয় আর যথাযথ সংরক্ষণ ও তদারকির অভাবে জেলার ইতিহাস-ঐতিহ্যের গর্ব বহনকারী ৬ উপজেলায় ছড়িয়ে থাকা ২১টি প্রত্নতত্ত্ব স্থাপনাই এখন অস্তিত্ব সংকটে।
স্থানীয়দের ভাষ্য, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে অমূল্য এসব স্থাপনার গল্প ভবিষ্যৎ প্রজন্মকে খুঁজতে হবে কেবল ইতিহাসের বইয়ের পাতায়।
জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে অবস্থিত ১৯ শতকে নির্মিত প্রাচীন নীলকুঠি ভবনটি এক সময় ঔপনিবেশিক শাসনামলের সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ছিল। ২০১২ সালের ১৪ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটে তালিকাভুক্ত হলেও বাস্তবে ভবনটির রক্ষণাবেক্ষণে নেই কার্যকর কোনো উদ্যোগ।
এছাড়া ঝিনাইদহের মিয়ার দালান, শৈলকুপার ঐতিহাসিক শাহী মসজিদ, নলডাঙ্গার রাজবাড়ি মন্দির, বারোবাজারের ঐতিহাসিক মসজিদ, কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র ও গণিতবিদ কেপি বসুর বসতভিটাসহ জেলার তালিকাভুক্ত ২১টি প্রত্নতত্ত্ব স্থাপনার অধিকাংশই আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ৬টি উপজেলায় এখন পর্যন্ত মোট ২১টি ঐতিহাসিক ও প্রত্নসম্পদসমৃদ্ধ স্থাপনা ‘হেরিটেজ’ তালিকাভুক্ত হয়েছে। তবে কাগজে-কলমে এসব স্থাপনা ‘রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত’ বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন।
মাঠপর্যায়ে গিয়ে দেখা যায়, অধিকাংশ স্থাপনাই কার্যকর রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার আওতায় নেই। গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও বাস্তব সংরক্ষণ কার্যত অনুপস্থিত। শতবর্ষী এসব স্থাপনার অনেকগুলোই আজ সময়ের সঙ্গে লড়াই করে টিকে আছে। নিয়মিত সংস্কার, নিরাপত্তা বেষ্টনী, সাইনবোর্ড কিংবা পাহারাদার না থাকায় অনেক স্থাপনাই ধীরে ধীরে বিলীন হওয়ার পথে।
৫৩ দিন আগে
মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফে কিশোরী নিহতের খবর সঠিক নয়, চমেকে চিকিৎসাধীন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ছুটে সীমান্ত পেরিয়ে ছুটে আসা গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে ওই খবর সঠিক নয়, কিশোরীটি আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মেয়েটির নাম তানজিনা আফরিন (১৩)। সে লম্বাবিল এলাকার জসীমউদ্দীনের মেয়ে। আরাকান আর্মির ছোড়া গুলি মাথায় লেগে সে আহত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় হোয়াইক্যং লম্বাবিল এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার জন্য আহ্বান জানান।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। শিশুটিকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যংয়ে এক কিশোরী আহত হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সীমান্তে চলমান এই ধরনের সহিংসতা স্থানীয়দের জীবন ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। বিষয়টির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
৫৪ দিন আগে
উত্তরে হাড়কাঁপানো শীত, ২০ দিনে ২৮ জনের মৃত্যু
প্রতি বছরের মতো এবারও রংপুর বিভাগে শীতের তাণ্ডব শুরু হয়েছে। কনকনে শীতে পুরো বিভাগের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সেইসঙ্গে বাড়ছে রোগাক্রান্ত রোগী মৃত্যুর সংখ্যা।
পৌষের হাড়কাঁপানো শীতে উত্তরের জেলাগুলোতে ঘরের বাইরে টেকা দায় হয়ে পড়েছে বাসিন্দাদের। দিন ও রাতের তাপমাত্রার তারতম্য কমে এসেছে; হিমেল হাওয়া কাঁপন ধরাচ্ছে শরীরে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন নিম্নআয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন উত্তরের ছিন্নমূলসহ তিস্তা, ধরলা ও যমুনার চর ও বাঁধে আশ্রিতরা।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) সুত্র জানায়, শীতের তীব্রতা বাড়ায় রমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে এই বিভাগের ৮ জেলা থেকে আসা শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
বিশেষ করে হাসপাতালগুলোর মেডিসিন ও শিশু ওয়ার্ডে উল্লেখযোগ্যসংখ্যক রোগী বেড়েছে। গত ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ২০ দিনে রমেক হাসপাতালে ১ হাজার ৯১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শীতজনিত রোগে এই ২০ দিনে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে মেডিসিন ও শিশু বিভাগে মারা গেছেন ১৭ জন।
এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান বলেন, তীব্র শীত এই অঞ্চলে। তাই শীতজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালে তিল ধারণের ঠাইঁ নেই। এ কারণেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬ টায় রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁওয়ে ৯ দশমিক ৭ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১০ ডিগ্রি , রংপুরে ১০ দশমিক ২, কুড়িগ্রামের রাজারহাট ও দিনাজপুরে ১১ দশমিক ৫, গাইবান্ধায় ১১ দশমিক ৮ এবং লালমনিরহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন রংপুর বিভাগ ও নদীর অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
৫৪ দিন আগে
মুন্সীগঞ্জে আগুন, পুড়ে গেছে ৬টি বসতঘর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাছমালদা গ্রামে আগুনে ৬টি বসতঘর পুড়ে গেছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।
আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
৫৪ দিন আগে
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় ২ জন অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশা রেলস্টেশনের নিকট দু্র্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন— শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
তারা দুইজনই চল্লিশার জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তম্ময়’ অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর ধরে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের মিলের ৭-৮ জন সহকর্মীর সঙ্গে মিলের পাশের রেললাইনে ঘুরতে যান। তারা রেললাইনের ওপর দিয়ে হেঁটে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ২ জন রাস্তার পাশে ছিটকে পড়েন। তাদের সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদের মৃত ঘোষণা করেন।
ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, আকাশ ও রাসেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা নিহত হয়েছেন। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, তারা ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, নেত্রকোণার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২ জন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৪ দিন আগে
নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে চুল্লি বিস্ফোরণ: দগ্ধ ৭ জন
নারায়ণগঞ্জের বন্দর থানার আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ (২৮) ও হাবিব ( ৩৫)।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতকাল (শনিবার) রাত ১০টায় নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হাবিবের শরীরের ১৪ শতাংশ, খোরশেদের শরীরের ১২ শতাংশ , রাকিবের ১০ শতাংশ, মঞ্জুরের ৭ শতাংশ, তারেকের ৪ শতাংশ, ফেরদৌসের ২ শতাংশ এবং বাবুলের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ড. শাওন আরও জানান, আমরা দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছি নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।
৫৪ দিন আগে
খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবক খুন
খুলনার রূপসায় আব্দুল রাশেদ পিকুল (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠে পিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. সবুর বলেন, গতকাল রাতে পিকুলকে কয়েকজন ব্যক্তি গুলি করেন। এর মধ্যে দুইটি গুলি বুকে এবং একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুমেক হাসপাতালে নিয়ে যান।
হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৫৪ দিন আগে
রাতের আঁধারে কুপিয়ে হত্যা, পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় বশির শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এরপর আজ (শনিবার) ভোরে বাড়ির পাশের মাটির সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলকাবাসী।
নিহত বশির বদরপুরের মো. আব্দুল শরীফের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অত্যন্ত ভদ্র ও ধার্মিক মানুষ ছিলেন বশির। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তার মতো মানুষকে কে বা কারা রাতের অন্ধকারে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তারা। তবে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
নিহতের বড় ভাই জাকির শরীফ বলেন, ‘রাত ১২টার দিকে বশির বাড়িতে না ফেরায় আমি তার মোবাইলে ফোন দিই, কিন্তু ফোন রিসিভ না করায় ভেবেছিলাম সে হয়তো কোথাও আছে। সকালে আমাদের বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে দৌড়ে এসে দেখি, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং শরীরজুড়ে রক্ত।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পেয়েছি। ধারণা করা হচ্ছে, রাতের বেলায় এ ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
৫৫ দিন আগে
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন
মুন্সীগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।
আজ (শুক্রবার) সন্ধ্যায় জেলার শ্রীনগরের বেজগাঁও পুরনো ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— মোটরসাইকেলচালক সোহেল রানা (৪৫) এবং আরোহী মতিউর রহমান (৫০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ (শুক্রবার) সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকাগামী সৌরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেজগাঁও পুরনো ফেরিঘাট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের সামনের অংশ দিয়ে ভেতরে ঢুকে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। দুর্ঘটনায় সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন এবং মতিউর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মতিউরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, হাইওয়ে পুলিশ বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে সরিয়ে নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বাস চালক পালিয়ে গেছেন।
এর আগে, আজ সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলির ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি পূর্বাশা পরিবহনের বাসের সুপারভাইজার ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৬ দিন আগে