সারাদেশ
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার আসাদ আলী (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নুর আলম (৩৫)।
ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে নুর আলম অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। অপরদিকে আসাদ আলীকে ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আটক করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি বলেন, নুর আলমকে ১৫ দিনের এবং আসাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন জেলার বিভিন্ন কেন্দ্রে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭০ নম্বরের প্রশ্নপত্র ছিল।
৭০ দিন আগে
চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে চার যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ বের করা এবং দায়ীদের শনাক্ত করতে এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে।
কমিটির সদস্যরা হলেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ডের একজন প্রতিনিধি ও নৌপুলিশের একজন প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম মোর্শেদ।
তদন্ত কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় দায়ী ব্যক্তি বা পক্ষগুলো চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর জেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং পাঁচজন যাত্রী আহত হন।
৭০ দিন আগে
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৭০ দিন আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪) ও একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজালের কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানী-নাতনি ও সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
৭০ দিন আগে
১৫ বছরেও ভাঙা হয়নি আমতলীর পরিত্যক্ত আদালত ভবন, প্রাণের ঝুঁকিতে বিচারপ্রার্থীরা
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির অর্ধশত বছরের পুরনো পরিত্যক্ত দুটি দোতলা ভবনের কারণে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০ হাজার বিচারপ্রার্থীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।
ঝুঁকি নিয়েই তারা পরগাছা গজানো ভবন-সংলগ্ন প্রবেশপথ দিয়ে আদালতে যাওয়া-আসা করছেন। জীর্ণ ভবনটির ইট-পলেস্তারা খসে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত ভবন দুটি অপসারণের দাবী জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।
জানা গেছে, মেশিনারি যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখার উদ্দেশ্যে আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ১৯৭৫ সালে বিএডিসি কর্তৃপক্ষ দুটি দোতলা ভবন নির্মাণ করে। ভবন দুটি ১৫ বছর আগেই উপজেলা প্রশাসন পরিত্যক্ত ঘোষণা করেছে। এত বছরেও ভবন দুটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি।
বরগুনা জেলা বার কাউন্সিলের সদস্য ও অতিরিক্ত প্রকিসিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবন দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেগুলোর মাঝখান দিয়ে আদালতের প্রবেশদ্বার। সেখান দিয়ে প্রতিদিন বিচারকাজে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আদালতে আসা-যাওয়া করছেন। ভবন দুটি এতই ঝুঁকিপুর্ণ যে, যেকোনো সময় ধ্বসে পড়তে পারে। ফলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি বলেন, ভবনগুলোতে পরগাছা জন্মে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। দিনের বেলায়ও ভবনের ভেতরে মানুষ প্রবেশ করতে ভয় পায়। তাই ভবন দুটি যত দ্রুত সম্ভব অপসারণের দাবি তুলেছেন আদালতের বিচারপ্রার্থীরা।
সরেজমিনে আদালত চত্বর ঘুরে দেখা যায়, দুটি ভবনেরই কিছু কিছু স্থান থেকে ইট, পাথর ও বিম খসে পড়েছে। ভবনে পরগাছা জন্মে ভুতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভগ্নদশা ওই ভবন দুটির মাঝখান দিয়েই আদালতে যাওয়া-আসা করছে অসংখ্য মানুষ। এই অবস্থায় যদি ভবন ধ্বসে পড়ে, তাহলে বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
আদালতে আসা বিচারপ্রার্থী আব্দুল মাজেদ মাস্টার বলেন, আদালতের সামনে এভাবে দুটি পরিত্যক্ত ভবন দেখতে যেমন অসুন্দর, তেমনি জীবনের ঝুঁকিও অনেক। দ্রুত ভবন দুটি অপসারণ করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস বলেন, এত ঝুঁকিপুর্ণ ভবন আদালতের যেমন ভাবমুর্তি বিনষ্ট করছে, তেমনি আদালতের প্রবেশদ্বার দিয়ে চলাচলকারী মানুষের জন্যেও বেশ ঝুঁকি রয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের পেশকার মো. আবুবকর বলেন, আদালতের প্রবেশপথের দুই পাশে দুটি দ্বিতল ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো ধসে পড়লে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী অ্যাডভোকেট নুহু-উল আলম নবীন বলেন, বিএডিসির পরিত্যক্ত ভবন দুটি বিচারপ্রার্থী ও আইনজীবীদের জীবনের ঝুঁকি তৈরি করেছে। আদালতে প্রবেশপথে কখন কী হয়ে যায়, আল্লাই জানে!
আমতলী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, মেশিনারিজ যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে ভবন দুটি নির্মাণ করা হয়। ওই ভবন দুটি অনেক আগেই উপজেলা প্রশাসন পরিত্যক্ত ঘোষণ করেছে। কিন্তু কেন সেগুলো অপসারণ করা হচ্ছে না, তা আমার বোধগম্য নয়।
বরগুনা জেলা বার কাউন্সিল সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বলেন, পরিত্যক্ত ভবন দুটি অপসারণ করতে উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে। দ্রুত ভবন দুটি অপসারণ করে বিচারপ্রার্থী ও আইনজীবীদের জীবনের ঝুঁকি লাঘবের দাবি করেন তিনি।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, আগের পরিত্যক্ত তালিকায় ওই ভবন দুটি থাকতে পারে। তবে খোঁজ খবর নিয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ওই পরিত্যক্ত ভবন দুটি যথাযথ প্রক্রিয়ায় দ্রুত অপসারণ করা হবে।
৭০ দিন আগে
দীপু হত্যা মামলায় মামলার আরও ৬ আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার আরও ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। এ নিয়ে এই মামলার মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ (বৃহস্পতিবার) সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ৬ জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮) নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।
ঘটনার সূত্রপাত গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায়। ধর্ম অবমাননার অভিযোগে জনতা দীপুকে সংঘবদ্ধ পিটুনি দেয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরের দিন (১৯ ডিসেম্বর) বিকেলে দীপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
৭১ দিন আগে
ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ভোলায় পূর্ববিরোধের জেরে ইউনিয়ন ছাত্রদলের এক নেতা হত্যার শিকার হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম রেজওয়ান আমিন সিফাত (২৮)। তিনি ভোলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের পুত্র এবং ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে তার সঙ্গে চাচাতো ভাই হাসিব ও সাকিবের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন। তখন ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে তার চাচাতো ভাইসহ আরও কয়েকজন মিলে হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে আহত করে রেখে যান তারা।
খবর পেয়ে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিফাতের বাবা মো. আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে লক্ষাধিক বিএনপির নেতা-কর্মী ঢাকায় যাবেন। গত তিন দিন ধরে দলে দলে লোকজন ঢাকায় যাচ্ছেন। ভোলা থেকে বুধবার রাতে ১০টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সিফাতও ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মাগরিবের নামাজের পরে ব্যাগ নিয়ে বের হলে পথে হাসিব, সাকিব, রনিসহ আরও কয়েকজন তাকে ঘিরে ধরে। পরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায় তারা।
রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান বেপারী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলাউদ্দিনের ছেলে রেজওয়ানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে চলে যায় তার চাচাতো ভাইয়েরা।
ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৭১ দিন আগে
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘সমন্বয়ক’ তাহরিমা গ্রেপ্তার
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ‘জুলাই যোদ্ধা’ দাবি করা তাহরিমা জান্নাত সুরভী (২১) নামের এক যুবতী গ্রেপ্তার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। অভিযান শেষে তাকে টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
৭১ দিন আগে
সিলেট থেকে উড়াল দিয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান
সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করার সময় নির্ধারিত রয়েছে।
এর আগে, যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে আজ সকাল ৯টা ৫৬ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি দেওয়া হয়।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও যুক্তরাজ্য থেক দেশে ফিরেছেন।
২০০৭ সালের জানুয়ারিতে দেশের ক্ষমতা নেওয়া সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেওয়া হয় এক ডজনের বেশি মামলা। যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান।
সে সময়ের সরকারের বিধিনিষেধ আরোপের কারণে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে তার নির্বাসন জীবন শুরু হয়। দেড় যুগের এই নির্বাসনে লন্ডন থেকে দলের নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা হয়। এর মধ্যে অন্তত পাঁচটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয় আদালতের মাধ্যমে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান।
এভিয়েশন সূত্রে জানা গেছে, আজ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দেশে আসে। এর মধ্যে ৮৫ জন যাত্রীকে সিলেটে নামিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১০৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় অবতরণ করবে।
৭১ দিন আগে
রংপুরে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে রোগী, ৬ শিশুর মৃত্যু
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঝেঁকে বসেছে শীত। এরই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের ৮ জেলার বিভিন্ন হাসপাতালে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মেশকাতুল আবেদ বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় শিশু ও বৃদ্ধসহ আরও ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক।
এদিকে, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডেই গত সাত দিনে ৬১৩ জন ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
রমেক হাসপাতালে বুধবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। তাছাড়া হাসপাতালে বেডের তুলনায় রোগী অনেক বেশি। দূর-দূরান্ত থেকে এই হাসপাতালে আসছেন রোগীরা। অন্যদিকে সংকট রয়েছে অ্যান্টিবায়োটিকের। সরবরাহ না থাকার অজুহাতে এক বেলা পেলে আরেক বেলা কিনতে হচ্ছে রোগীর স্বজনদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এদিকে, ওই হাসপাতালের ১০ নম্বর শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় চারগুণ শিশু রোগী ভর্তি হয়েছে। আজ (বুধবার) সকালে ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এক বেডে চারজন শিশু রাখা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডে বেড রয়েছে ৪০টি। তার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৭৮ জন।
৭২ দিন আগে