সারাদেশ
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গুলিবিদ্ধ ১০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— রবিউল ইসলাম (৩৬), তার পিতা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনন খাতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। এ সময় রবিউলের চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল থেকে আজ রবিউল ইসলামের মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে, তাও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তিনি বলেন, ‘আমার ভাগ্নের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৪৪ দিন আগে
ফরিদপুরে আসামির সমর্থকদের হামলায় ৫ পুলিশসদস্য আহত
ফরিদপুরের চরভদ্রাসনে আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার সমর্থকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর ছালেপুরে ছোরমান খাঁর বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার আসামি কবির খাঁকে সকালে ওই এলাকায় পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে গ্রেপ্তার করতে যান। বাজার থেকে কবির খাঁকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়াও লাগান তারা। এ সময় বাজারে থাকা কবির খাঁর ভাই ও তার স্থানীয় সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা ভর্তি হননি।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে কবির খাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তার ও হামলার ঘটনার আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
৪৪ দিন আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে সিলিং ফ্যান সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর আলগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন উত্তর আলগী গ্রামের ছৈয়াল বাড়ির শুক্রর ছৈয়ালের ছেলে।
নিহতের পরিবার জানায়, মোবারক হোসেন সম্প্রতি একটি নতুন সিলিং ফ্যান কিনেছিলেন। গতকাল (সোমবার) দুপুরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তিনি নিজেই ফ্যানটি সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় অসাবধানতাবশত হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমীর দাস জানান, কারও সহযোগিতা ছাড়াই ওই যুবক নিজে ইলেকট্রিক কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অগোচরে কাজ করতে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
৪৪ দিন আগে
ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালে ময়মনসিংহের তারাকান্দার কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই নারীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার পলাশকান্দা টানপাড়া গ্রামের মো. ইউনুছ আলী ওরফে ইন্নছ আলী (৬২), তার ভাই মোহাম্মদ আলী (৫২), মো. গোলাম হোসেন ওরফে গুলু (৫১) ও শামছুল হক (৪৪); আসিফ রানা নাঈম (২৪), মো. আব্দুল হেলিম (৫১) এবং মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু (১৯)।
এছাড়া অপর দুই আসামি মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, শাহীনুর আলম ওরফে ইকবাল ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২০২১ সালের ৩১ মে রাতে পলাশকান্দা টানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে তার বাবা আব্দুর রউফ তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ৫ দিন পর পলাশকান্দা গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ইকবালের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পরের দিন, অর্থাৎ ৬ জুন শাহীনুর আলম ওরফে ইকবালের ভাই সেলিম মিয়া বাদী হয়ে সন্দেহভাজন একই গ্রামের গোলাম হোসেনের পুত্র আসিফ রানা নাঈম ওরফে রানাসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলায় সেলিম মিয়া উল্লেখ করেন, তাদের পরিবারের সঙ্গে একই গ্রামের গোলাম হোসেনের পরিবারের জমি-সংক্রান্ত বিরোধ ছিল। তারই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করলে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ (মঙ্গলবার) বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান মামলার বাদী সেলিম মিয়া ও তার পরিবার।
৪৪ দিন আগে
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড অস্ত্রসহ আটক
সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড-ইন-কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলেন।
সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে তৃতীয়বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডকে আটক করা হয়।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আব্দুস সামাদ মোল্লা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার-সংলগ্ন এলাকায় আসবেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) রাত ১১টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ একটি অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক সামাদ মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) দিবাগত রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা ।
৪৪ দিন আগে
রংপুরে সিজারের পর প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ
রংপুরে প্রসূতির সিজার অপারেশনের সময় পেটে গজ কাপড় রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা।
ভুক্তভোগীর পরিবার জানায়, গৃহবধূ হাবীবা জান্নাতের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর ইউনিয়নের বড় আমবাড়ি গ্রামে। গত ৮ মার্চ নগরীর বন্ধন জেনারেল হাসপাতালে তার সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক রাজিয়া বেগম মুক্তা। অপারেশনের পর থেকেই তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
এরপর বিষয়টি পরিবারের পক্ষ থেকে চিকিৎসককে জানালেও তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখানোর পরও তিনি দায় স্বীকার না করে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। পরে ভুক্তভোগীকে নিয়ে অন্য গাইনি চিকিৎসক মৌসুমী হাসানের কাছে গেলে তিনি সিটি স্ক্যান করতে বলেন। সিটি স্ক্যানে রোগীর পেটের ভেতরে গজ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
ভুক্তভোগীর স্বামী শাওন মিয়া বলেন, বিষয়টি চিকিৎসক রাজিয়া বেগম মুক্তাকে জানিয়েছি, কিন্তু তিনি গুরুত্ব না দিয়ে বারবার এড়িয়ে যান। পরে অন্য চিকিৎসকের দারস্থ হলে ওই চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দেন। এতে পেটে রয়েছে কাপড় জাতীয় কিছু ধরা পড়ে। আমরা পুনরায় অপারেশন করতে গেলে গাইনি ডাক্তার রাজিয়া বেগম মুক্তার স্বামী আতিক আমাদের হুমকি দেওয়ার পাশাপাশি চিকিৎসক মৌসুমী হাসানকেও হুমকি দেন। পরে উপায় না পেয়ে অন্য একটি বেসরকারি হাসপাতাল থেকে পুনরায় অপারেশনের মাধ্যমে গজটি বের করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ওই চিকিৎসকের শাস্তি চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মোবাইল নম্বরে ফোন দিলে এক সহযোগী ফোন ধরে করে বলেন, ‘ম্যাডাম রোগী দেখছেন, পরে কথা বলবেন।’ এরপর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, বিষয়টি শুনেছি; এটি দুঃখজনক। ভুক্তভোগী বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৪৪ দিন আগে
ববিতে পদোন্নতির দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা স্থগিত
পদোন্নতির দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত রেখে কর্মবিরতিতে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ২৪ জন শিক্ষকের পদোন্নতির সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এ প্রেক্ষাপটে এক শিক্ষক আমরণ অনশনে বসেছিলেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে এবং দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্রুত দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
একাধিক শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে সিন্ডিকেট অনুমোদিত বিধিবিধি অনুযায়ী পরিচালিত হয়ে আসছে যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নতি ও পর্যায়োন্নয়নসহ সংশ্লিষ্ট সব বিধি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হবে। এই নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অ্যাকাডেমিক কাঠামো ও কার্যক্রম আইনি অনিশ্চয়তায় পড়েছে বলে দাবি শিক্ষকদের।
তাদের মতে, চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ও বিধি না থাকলে শিক্ষাক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি প্রদানও আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।
শিক্ষকরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই একাধিক ব্যাচে পাঠদান চলছে, অথচ অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক কর্মরত আছেন। একইসঙ্গে ৫১টি শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় পাঠদান কার্যক্রম চাপের মধ্যে রয়েছে। খণ্ডকালীন শিক্ষকদের ভাতা বন্ধ থাকা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, যে নিয়মে শিক্ষকেরা পদোন্নতি চাচ্ছেন, তাতে ইউজিসির আপত্তি রয়েছে। ইউজিসি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অভিন্ন নীতিমালার আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। ইতোমধ্যে এ-সংক্রান্ত পত্র দিয়েছে ইউজিসি।
তিনি আরও বলেন, ‘অভিন্ন নীতিমালা দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় অভিযোজন করেছে। যে তিনটি করেনি, তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরাও অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছি। এটা হয়ে গেলে তারা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাবেন। তাছাড়া শিক্ষকদের সঙ্গে আমার মিটিং হয়েছে। মিটিংয়ের রেজুলেশন হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নিতে পারব।’
তাই অ্যাকাডেমিক কার্যক্রম বিঘ্নিত হয়, এমন কাজ না করে সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান উপাচার্য।
৪৪ দিন আগে
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি ফেরি করে পণ্য বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল (সোমবার) রাশেদ কাজ শেষে বাড়ি ফেরার পর তার ছোট ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ঝগড় চরম পর্যায়ে পৌঁছালে রাত ৩টার দিকে ছোট ভাই জহুরুল তার বড় ভাই রাশেদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই জহুরুল পরিবারসহ পলাতক রয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
৪৪ দিন আগে
ভোলায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
ভোলার দৌলতখানে মেঘনা নদীতে আনুমানিক ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার চোকিঘাট-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, গতকাল (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার তেল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন আগেই পালিয়ে যান। ফলে কাউকে আটক করা যায়নি।
পরে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার ভূমি শাওন মজুমদার সুমনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধার করা অবৈধ তেল বাজারদরে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
৪৪ দিন আগে
শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারের যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা হতে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, ব্যাংক কলোনী, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর-সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
৪৪ দিন আগে