সারাদেশ
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ২৮ জন
কুষ্টিয়া জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে ২৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত কুষ্টিয়া জেলার হাম পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৩ জনের হামে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। আর ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কুষ্টিয়া সদর হাসপাতালে ১১ জন, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা সবারই হামের উপসর্গ রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন। এছাড়া বর্তমানে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তবে জেলায় হামের উপসর্গ নিয়ে ৮ রোগীর মৃত্যু হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং হামের লক্ষণ দেখা দিলেই দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, হঠাৎ করে এই অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে টিকাদানে অনীহা এবং আবহাওয়া পরিবর্তন বড় কারণ হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রশাসন।
৪৪ দিন আগে
ভারতে নির্বাচন: ৪ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর
ভারতের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে টানা ৪দিন বন্ধ থাকছে ‘ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র’ খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে ভারতের পশ্মিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে গতকাল (সোমবার) পত্র পাঠান।
পত্রে বলা হয়েছে, বিধান সভার নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিধান সভার নির্বাচনের ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ থাকবে। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ ব্যাপারে এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে মঙ্গলবার থেকে টানা ৪ দিন বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই নোটিশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, এই অবরুদ্ধ সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে যারা চিকিৎসাসেবা নিতে যাতায়াত করবেন, তাদের জন্য শিথিল করা হবে। এর মধ্যে ভুটান ও নেপালগামীরাও অর্ন্তভুক্ত বলে জানান তিনি।
৪৪ দিন আগে
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের গহীন বনাঞ্চল থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেন।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, সকালে স্থানীয় শ্রমিকরা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন।
টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, নিহত তিন যুবকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
৪৪ দিন আগে
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নিয়ামতপুর থানা পুলিশকে খবর দেন।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকালও রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। সকালে স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর উঁকি দিয়ে হাবিব, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ের গলা কাটা মরদেহ দেখে চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। একই পরিবারের শিশুসহ চারজনকে হত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
৪৪ দিন আগে
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ আপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এম এম শাহজাহান মুকুল এ তথ্য নিশ্চিত করেন।
আদালতের রায় অনুযায়ী, আসামি মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা দেওয়া হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভাগ করতে হবে।
আদালত উল্লেখ করেছেন, উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। তবে আসামি ইতোপূর্বে হাজতে থাকার সময়কাল মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে।
মামলার নথি ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করেন আসামি মো. সালাম। পরবর্তীতে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ভুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে এবং কাল্পনিক কাবিননামা তৈরি করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আদালতে মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ দীর্ঘ তদন্ত শেষে আসামি সালাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মেডিকেল প্রতিবেদনে ধস্তাধস্তির চিহ্ন না থাকলেও ভুক্তভোগীর বয়স ১৬ বছরের কম হওয়ায় এবং সম্মতিবিহীন যৌন সম্পর্কের প্রমাণ পাওয়ায় আদালত এই রায় দিয়েছেন বলে জানিয়েছে আদালত সূত্র।
তদন্ত প্রতিবেদনে অপহরণে সহায়তার প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও প্রমাণের অভাবে মামলার অন্যান্য আসামি—বজলুর রশীদ মজু, মোছা. মনোয়ারা বেগম এবং জালাল ওরফে শাহজালালকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া মামলার ২ নম্বর আসামি মো. আল-আমিন বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বা প্রমাণের অভাবে সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনা করা হয়েছে।
রায় ঘোষণার পর আসামিকে কড়া পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল। এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ধর্ষণের যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এই রায় তা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং আশা করি এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবারও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
৪৫ দিন আগে
পদ্মার বিশাল কাতলা ও রুই মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়
রাজবাড়ীর পদ্মা নদীতে কয়েকদিন ধরে বড় বড় রুই, কাতলা মাছ ধরা পড়ছে। আজ (সোমবার) দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতলা এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে মাছ দুটি পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে। কাতলা মাছটি ৬৮ হাজার ৫০০ টাকায় এবং রুই ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
ফেরি ঘাট এলাকার জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্তমানে পদ্মা নদীর মোহনা দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে বড় বড় রুই, কাতলা জাতীয় মাছ ধরা পড়ছে। এসব মাছ দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল-সংলগ্ন মাছ বাজারে বিক্রি হচ্ছে।
গতকাল (রবিবার) মধ্যরাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে যান রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় এলাকার জেলে জমির হালদার। আজ ভোর ৪টার দিকে পদ্মা নদীর মোহনায় কুশাহাটায় তিনি জাল ফেলেন।
ভাসতে ভাসতে ফেরি ঘাটের অদূরে অবস্থানকালে জালে প্রচণ্ড ঝাঁকি দিলে জমির হালদার বুঝতে পারেন যে তার জালে বড় মাছ আটকা পড়েছে। জাল নৌকায় তুলেই তিনি দেখেন বিশাল আকারের এক কাতলা। এরপর তিনি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল-সংলগ্ন বাজারের রেজাউল ইসলাম মন্ডলের আড়তে।
৪৫ দিন আগে
নড়াইলে তীব্র গরমে নারীর মৃত্যু
নড়াইলে সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়ার সরদার ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে সেলিম নামক এক দোকানির দোকানে আটা কিনতে যান। আটা কিনে ফেরার পথে তীব্র গরমে মাছিমদিয়া মসজিদের সামনে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওসমান শেখ ঘটনাটি নিশ্চিত করেন।
চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪৫ দিন আগে
বগুড়ার বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নশিপুরে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ‘চৌকিদহ’ খালের খনন কাজের সূচনা করেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী বাগবাড়ির শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ৯১১ জনের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।
এ অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দাঁড়িয়ে এই সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং উপস্থিত সমর্থকরাও এতে যোগ দেন।
নারীর ক্ষমতায়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে গত ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এই কর্মসূচিটি বর্তমানে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় আগামী জুন মাসের মধ্যে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে।
এই কার্ডগুলোতে স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কার্ডগুলো পরিবারের মা অথবা নারী প্রধানের নামে ইস্যু করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এই ব্যবস্থাকে একটি সর্বজনীন সোশাল আইডি কার্ডে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
৪৫ দিন আগে
ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঝিনাইদহসহ দেশের ৭টি জেলায় বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইলবন্ড’ সিস্টেমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বক্তারা জানান, ই-বেইলবন্ড সিস্টেম চালুর ফলে জামিন-সংক্রান্ত আদেশ দ্রুততম সময়ে কারাগারে পৌঁছাবে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবেন। বিচার বিভাগে তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় ই-বেইলবন্ড সিস্টেম একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এখন থেকে জামিননামা যাচাই-বাছাই এবং কারামুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই নতুন ব্যবস্থার ফলে বিচারিক দীর্ঘসূত্রতা কমবে। ফলে আইনি সেবা জনগণের দোরগোড়ায় আরও সহজলভ্য হবে।
ঝিনাইদহে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী, পুলিশ সুপার মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার, জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, জিপি মোকাররম হোসেন টুলু, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী একরামুল হক আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলমসহ আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনজীবীরা।
৪৫ দিন আগে
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও সহকারী নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।
নিহতরা হলেন— গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (৪০)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। অপরজন একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজনু মিয়া (৪৩)। দুর্ঘটনাকবলিত বাসের সহকারী ছিলেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের সহকারী ও সুপারভাইজার নিহত হন। এ দুর্ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তা স্বাভাবিক হয়েছে।
ওসি মো. মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
৪৫ দিন আগে