সারাদেশ
ঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু
চৈত্রের শেষ দিকে এসেও কুয়াশার কবলে ঢাকা পড়ছে নৌপথ। আকস্মিক কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শনিবার সকালে প্রায় দেড় ঘণ্টার মতো ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে আটকা পড়ে বেশকিছু যানবাহন। বাড়তি ভোগান্তিতে পড়েন ঢাকামুখি যানবাহনের যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, চৈত্র মাসের শেষ দিকে এসেও ভোরের দিকে আকস্মিক কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার ভোর পৌনে ৬টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে বেশকিছু যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়িও আটকা পড়ে।
সংস্থাটি আরও জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ৪ নম্বর ঘাটে ভাষা সৈনিক গোলাম মাওলা কে-টাইপ (মাঝারি) ফেরি, বাইগার ও রো রো ফেরি শাহ মখদুম এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা নোঙর করে থাকে। একইভাবে দৌলতদিয়া প্রান্তে ৭ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি কেরামত আলী, শাহ পরান ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা নোঙর করে থাকে। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়। এক এক করে ঘাট ছাড়তে শুরু করে ফেরিগুলো।
ঢাকাগামী জামান ও সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, চৈত্র মাস প্রায় শেষ। এখনও নৌপথে কুয়াশা পড়ছে। ভোরের দিকে আকস্মিকভাবে চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দিলে ঘাটে আমাদের কোম্পানির পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা নানা ধরনের গাড়ি আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ফেরি বন্ধ থাকায় আমাদের গাড়িগুলো ঘাটে আটকে থাকে এবং যাত্রীরা বাড়তি ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, আজ ভোর থেকে নদীপথে আকস্মিকভাবে কুয়াশা পড়তে থাকে। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার পর ফেরি চালু করা হয়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে কিছু গাড়ি আটকা পড়ে। তবে ফেরি সংখ্যা যথেষ্ট থাকায় যানবাহন পারাপারে তেমন বেগ পোহাতে হচ্ছে না।
৫৪ দিন আগে
রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম আলী (৪৩) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা মো. আশরাফের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মজিবর রহমান আলম আলীর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবরকে পাঠক ক্লাবে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মজিবরকে উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা তাকে পিটুনি দেওয়ার চেষ্টা করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খাঁন জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫৫ দিন আগে
সিরাজগঞ্জে জ্বালানি তেল মজুদের দায়ে ৪ জনের জেল-জরিমানা
সিরাজগঞ্জে পৃথক চারটি অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৪ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানগুলো পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
৫৫ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেপ্তার
খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর অন্যতম প্রধান সহযোগী ফয়সালকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। সন্ত্রাসী নুর আজিমের অবর্তমানে ফয়সাল ওই বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিলেন। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন।
তাকে আমরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে খুঁজছিলাম। আজ (শুক্রবার) তার সঠিক সন্ধান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৫৫ দিন আগে
রংপুরে যুবককে গলা কেটে হত্যা
রংপুরে পূর্ব শত্রুতার জেরে রাকিব (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মো. মমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তাতিপাড়া মাছুয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব নগরীর বৈরাগী পাড়ার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, রাকিব মাদক ব্যবসায়ী মো. মমিনের (৪২) সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তবে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রাকিবের বাবা আব্দুস সামাদ গত বছরের ১৪ নভেম্বর মমিনসহ কয়েকজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছিলেন।মামলা ও পূর্ব শত্রুতার জেরে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে নগরীর তাতিপাড়া মাছুয়াপাড়া মোড়ে রাকিবকে একা পেয়ে মমিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। এরপর তারা সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে ঘিরে রাখে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৫৫ দিন আগে
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জের দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
আজ (শুক্রবার) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ ও তার আরও দুই সহযোগী মিলে মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে সালেহর সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) তার মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, ওই তিনজনই এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
৫৫ দিন আগে
সাবেক এমপি সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর
লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাকে লালমনিরহাট আমলী আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আজ (বৃহস্পতিবার) তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার বাসিন্দা। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নাশকতা ও হত্যাসহ ৫টি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এরপর আজ বিকেলে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করে পুলিশ।
আদালতে নেওয়ার পর তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে, বিচারক তাকে লালমনিরহাট সদর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায়ও তাকে জামিন দেওয়া হয়নি।
আসামিপক্ষের আইনজীবী আবু আহাদ খন্দকার লেলিন বলেন, আদালত একটি মামলায় জামিন দিলেও অপর একটি মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন। আশা করছি আগামী কার্যদিবসে তিনি জামিন পাবেন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২ জানুয়ারিতে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫৬ দিন আগে
নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগরে শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইমরান (১১), রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)।
চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষে বাঁধে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর থেকে ওই পোশাক কারখানায় ব্যবসা পরিচালনা করছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির অনুসারী সালাম। আজ (বৃহস্পতিবার) সকালে ঝুট ব্যবসা নিয়ে বিরোধের একপর্যায়ে ফতুল্লা থানা যুবদলের সভাপতি ফারুক মন্ডলের নেতৃত্বে একটি গ্রুপ সেখানে হামলা চালায়। এই গ্রুপটি বেশ কিছুদিন ধরে এখানে চাঁদা দাবি করছিল। এ ঘটনায় জড়িত ছিলেন ফতুল্লার আরেক ঝুট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের সশস্ত্র লোকজন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। পরে রাসেল মাহমুদের নেতৃত্বে আরেকটি গ্রুপ এলাকায় প্রবেশ করে গোলাগুলি করে। এতে ১১ বছর বয়সী শিশু ইমরান গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আহত শিশু ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন রক্ষায় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা জানান, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুট মালামাল নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের শুরু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
৫৬ দিন আগে
বরিশালে নতুন কমিটির দাবিতে ছাত্রদল কর্মীদের সড়ক অবরোধ
বরিশালে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় প্রকৃত ছাত্রদের নিয়ে জেলা ও মহানগর কমিটি গঠনের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভকারীরা জানান, বরিশাল ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ ৮/৯ বছর আগে শেষ হয়ে গেছে। দীর্ঘ সময় পার হলেও নতুন করে কোনো কমিটি গঠন করা হয়নি। বহুদিন ধরে নতুন কমিটির দাবি উঠলেও তা পূরণ হয়নি। সেই দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
বিক্ষোভ মিছিলটি জেলখানা মোড়, বিবির পুকুরপাড় হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় হাতেম আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির বলেন, দীর্ঘ বছর ধরে ছাত্রদলের জেলা ও মহানগরে কোনো কমিটি নেই। এখন টের পাচ্ছি, যাদের ছাত্রত্ব নেই, তারা নতুন করে কমিটিতে ঢোকার পায়তারা করছে। আন্দোলন-সংগ্রামে যাদের পাশে পাইনি, তারা যেন এই কমিটিতে ঠাঁই না পায়। এজন্যই আমাদের এই বিক্ষোভ।
বিক্ষোভে উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরা বলেন, আমরা নতুন কমিটি চাইছি। আমাদের যাদের ছাত্রত্ব আছে, তারাই যেন এই কমিটিতে থাকে। ছাত্রত্ব নেই এমন কেউ যেন এই কমিটিতে না থাকে, এই দাবি জানাচ্ছি।
প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
৫৬ দিন আগে
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগের ৬ জেলায় মোট ১২ শিশুর মৃত্যু হলো।
মৃতরা হলো ৫ মাস বয়সী ইমাম, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের ছেলে, এবং ৯ মাস বয়সী আবু সালেহ, বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের ছেলে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শেবাচিম হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, সর্বশেষ মৃত দুই শিশু, ইমাম গত ৬ এপ্রিল এবং আবু সালেহ ৭ এপ্রিল হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে শেবাচিম হাসপাতালে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির জানান, বর্তমানে হাসপাতালে ৯১ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত এই হাসপাতালে মোট ৩১০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে ৭৬ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতাল ৬২ জন ছাড়পত্র নিয়েছেন।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৮০ জনের মধ্যে হাম উপসর্গ দেখা দিয়েছে। যার মধ্যে বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
৫৬ দিন আগে