সারাদেশ
রংপুরে পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
রংপুরের গংগাচড়ায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রোল মজুদ করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন। পরে চলমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল-চালকদের কাছে বিক্রি করতেন তিনি।
এ খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুদ করা জ্বালানি তেল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৬৭ দিন আগে
নড়াইলে পাম্প ব্যস্থাপককে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা
নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় পেট্রোল পাম্প ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সকল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু।
তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, গতকাল (শনিবার) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ মোল্যা (২৭) নামের পাম্পটির এক কর্মী গুরুতর আহত হন।
ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্পটির ব্যবস্থাপক নাহিদ। তেল না পেয়ে ট্রাকচালক তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ট্রাকচাপা দিয়ে নাহিদকে হত্যা করার হুমকি দেন সুজাত। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে চড়ে নিজ গ্রামে যাচ্ছিলেন নাহিদ ও পাম্পের কর্মচারী জিহাদ। পাম্প থেকে একটু দূরে গেলে পেছন থেকে এসে সুজাত তাকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত নাহিদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
৬৭ দিন আগে
ভূমধ্যসাগরে ঝরেছে সুনামগঞ্জের ১২ যুবকের প্রাণ, বাড়িতে শোকের মাতম
উন্নত জীবনের রঙিন স্বপ্ন নিয়ে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের নীল জলেই নিভে গেছে সুনামগঞ্জের ১২টি তাজা প্রাণ। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে তীব্র খাদ্য ও পানীয় সংকটে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারিয়েছেন তারা।
আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নৌযানে থাকা মোট ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি আর নিহতদের ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, নিহতদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন।
নিহতরা হলেন— দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮) ও শাহান মিয়া (২৫); রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮), বাসুরি গ্রামের মো. সুহানুর রহমান এবং মাটিয়াপুর গ্রামের তায়েফ মিয়া; জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান (৩৫), রানিগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মোহাম্মদ আলী (২৭) ও টিয়ারগাঁও গ্রামের শায়েখ আহমদ (২২), চিলাউরা হলদিপুর ইউনিয়নের নাইম আহমদ (২৫), চিলাউরা মাঝপাড়া গ্রামের ইজাজুল হক সজীব (২৭) এবং দোয়ারাবাজার উপজেলা কবিরনগর গ্রামের আবু ফাহিম মুন্না (২২)।
এ সংবাদ পৌঁছানোর পর থেকে সংশ্লিষ্ট গ্রামগুলোতে শুরু হয়েছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী আর্তনাদে পুরো এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
উদ্ধার হওয়া জীবিত যাত্রীদের বরাতে জানা গেছে, পাচারকারীরা একটি জরাজীর্ণ ও অত্যন্ত ছোট নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে তাদের সমুদ্রযাত্রায় পাঠায়। দীর্ঘ এ পথে তাদের জন্য রাখা হয়নি পর্যাপ্ত খাবার বা বিশুদ্ধ পানি। সাগরের মাঝখানে তীব্র গরমে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে, একের পর এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সেই উত্তাল সাগরেই ভাসিয়ে দেওয়া হয়।
নিহতদের পরিবারের অভিযোগ, দিরাই উপজেলার স্থানীয় এক দালালের মাধ্যমে জনপ্রতি ১২ লাখ টাকা চুক্তিতে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তারা দেশ ছাড়েন। দালালরা তাদের নিরাপদ ও বড় জাহাজে করে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত মৃত্যুকূপ সমতুল্য একটি ছোট নৌকায় তুলে দেন। ১২ লাখ টাকা দিয়েও শেষ রক্ষা হলো না এ স্বপ্নচারী তরুণদের। শোকাতুর পরিবারগুলো এখন কেবল তাদের প্রিয়জনের স্মৃতি নিয়ে বেঁচে আছেন।
স্বজনদের দাবি, সরকার যেন এ মর্মান্তিক ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িত মানবপাচারকারী চক্রকে আইনের আওতায় আনে। সম্ভব হলে নিহতদের মরদেহ বা অন্তত তাদের কোনো চিহ্ন উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। ভবিষ্যতে যেন আর কোনো যুবক দালালের খপ্পরে পড়ে এভাবে প্রাণ না হারায়, সেদিকে কঠোর নজরদারি যেন বাড়ানো হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, কর্মসংস্থানের অভাব এবং উন্নত জীবনের হাতছানি এই যুবকদের মরণফাঁদে পা দিতে বাধ্য করছে। তবে অবৈধ পথে এভাবে বিদেশ যাত্রা রোধে জনসচেতনতা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
এদিকে, আজ (রবিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবপাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
দ্রুত এ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের আইন—উভয় ব্যবস্থায় বিচার নিশ্চিত করার কথাও বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
৬৭ দিন আগে
জ্বালানি সংকট সহজ করতে চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ চালু
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড পেতে হলে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১ এপ্রিল থেকে শুধু ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। জেলার ২২টি পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিক্রি চলবে। তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা পাওয়া যাবে।
অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৬৭ দিন আগে
দিনাজপুরে পিডব্লিউ কার্যালয় সংস্কারের পরিবর্তে হস্তান্তর, স্থানীয়দের ক্ষোভ
সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের হিলি রেলস্টেশনের রেলপথ ও প্রকৌশল (পিডব্লিউ) কার্যালয় সংস্কারের পরিবর্তে জয়পুরহাট জেলায় হস্তান্তরের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ঝড় ও বাতাসের ঝাপটায় গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যালয়টি। তবে তা সারিয়ে তুলতে ব্যবস্থা নেয়নি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলের নির্মিত একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। একসময়ে বিরামপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের অংশ হিসেবে রেললাইনের রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচলের নিরাপত্তা, সিগন্যালিংসহ স্টেশন পরিচালনার কাজ পরিচালিত হতো ওই কার্যালয়ের তত্ত্বাবধানে।
তাদের অভিযোগ, কার্যালয় সরিয়ে নেওয়ার ফলে আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে আছে মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম; নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ। এতে আগামীতে রেলের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা ।
স্থানীয় বাসিন্দা আনোয়ার খান জানান, হিলি রেলস্টেশনটি আমাদের গর্ব, কিন্তু অফিস সরানোর কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ভবনের আশপাশের রেললাইনের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকায় সেগুলো চুরিসহ খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পিডব্লিউ কার্যালয়টি অব্যবহৃত থাকায় গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে।
পিডব্লিউ কার্যালয়টি পুনরায় হিলিতে চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হিলি রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বলেন, কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত জয়পুরহাটে অস্থায়ীভাবে কার্যালয় পরিচালনা করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদনে সেখান থেকেই দাপ্তরিক কাজ চলছে।
৬৭ দিন আগে
হবিগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার আরও ১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঈদ উপলক্ষে ঘুরতে আসা এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শনিবার (২৮ মার্চ) ভোরে র্যাব-৯-এর সিপিসি-৩ ও সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে আখাউড়া থানার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. শাহিন মিয়া (৩০)। তিনি মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা।
গত ২৩ মার্চ বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবকের সঙ্গে মাধবপুর বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে তরুণীর সঙ্গে থাকা ওই যুবক দৌড়ে পালিয়ে যান। এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে, ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। সে সময় শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মো. জসিম মিয়াকে (৩৪) আটক করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর কানের দুল উদ্ধার করা হয়। তবে মো. শাহীন মিয়া সে সময় পালিয়ে যান।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৬৭ দিন আগে
যশোরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট
যশোরের শার্শায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কামাল হোসেন (২৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে ‘সন্ত্রাসীরা’। এ ছাড়াও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার গোগা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী কামাল হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে গোগা বাজার ও সংশ্লিষ্ট ইউনিয়নজুড়ে আধিপত্য বিস্তার করে আসছেন কথিত বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী হযরত আলী। স্থানীয়দের অভিযোগ, হযরত আলীর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তিনি ও তার অনুসারীদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী কামাল হোসেন জানান, ঘটনার দিন সকালে হযরত আলী তাকে বাড়িতে ডেকে নিয়ে ৪০০ মণ রড ও ৩ হাজার বস্তা সিমেন্ট বাকি দিতে বলেন। এতে তিনি অস্বীকৃতি জানিয়ে চলে আসেন। এরপর বিকেলে হযরত আলীর সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ব্যবসা করতে হলে ওই টাকা দিতে হবে বলে হুমকি দেন।
তিনি আরও বলেন, ‘ওই দিন সন্ধ্যায় হযরত আলী তার ২০-২৫ জন সন্ত্রাসীর দল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ক্যাশ টেবিল, গ্লাস, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। প্রাণনাশের ভয়ে আমি থানায় মামলা করতে পারছি না।’
তবে অভিযোগ অস্বীকার করে হযরত আলী বলেন, কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহযোগিতা করেছেন। ওই মামলায় আমার প্রায় ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬৭ দিন আগে
চট্টগ্রামের মৎস্য প্রক্রিয়াজাত কারখানায় আগুন
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সাগরিকা রোডস্থ মৎস্য প্রক্রিয়াজাত কারখানা সি-পোর্টে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বিডি ফুড নামের কারখানার ৩ নম্বর সি-পোর্টের স্টোরে আগুনের সূত্রপাত হয়।
ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন নির্বাপনের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফয়ার সার্ভিসের উপপরিচালক জসীম উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল হিমাগার হওয়ায় ভেতরে প্রবেশ দুরূহ ছিল। তীব্র ঠান্ডা ও গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কিছুটা ব্যাহত হয়। তারপরও আগুন ছড়িয়ে পড়া বন্ধ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে হিমায়িত মাছ ছিল। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কারখানা বিডি সি ফুড লিমিটেডের ব্যবস্থাপক নেয়ামত উল্লাহ। তিনি জানান, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসার পর আমরা হিসাব-নিকাশ করে বলতে পারব ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত?
৬৭ দিন আগে
রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
রাজধানীর কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রবিবার (২৯ মার্চ) ভোরে কলাবাগান থানাধীন ভূতের গলি এলাকার গার্ডেন হাউস নামের একটি বাসায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ভোরে ওই যুবক বাসাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান যুবকটি আর বেঁচে নেই।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এসআই ইকবাল হোসেন।
৬৭ দিন আগে
রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় লাইকা মিলিন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরির বাবা শাহাদাত হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের ভাড়া বাসার চার তলায় জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার মেয়ে ঝুলে ছিল। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়টি বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানিয়েছি।
৬৭ দিন আগে