সারাদেশ
নাফ নদ থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন— মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ মাঝর পাড়া ও ডাঙ্গর পাড়া গ্রামে বলে জানা গেছে।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪টার দিকে তাদের ঘাটের ইঞ্জিনচালিত কিছু নৌকা নাফ নদর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। পরে অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় তারা। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেস।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আরাকান আর্মির কারণে নাফ নদে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে-নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। তাই এ ঘটনা বন্ধে সরকারের সহায়তা কামনা করছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
৬৮ দিন আগে
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নানার বাড়ির বালতির পানিতে ডুবে আবরাহাম নামের এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। গতকাল (শুক্রবার) দুপুরে অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভেতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবারের সদস্যদের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনভাবে উপুড় হয়ে বালতিতে আটকে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।
এ সময় তিনি পরামর্শ দেন, যে সব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব পরিবার যেন বাথরুমে কোনোভাবেই পানি জমিয়ে না রাখে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।
৬৮ দিন আগে
তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
রাজধানীর তেজগাঁওয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইমন (১৮) নামে মোটরসাইকেল-আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ইমন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় নিহতের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমনের বাড়ি রাজধানীর মুগদার মান্ডা এলাকায়। সেখানকার মৃত হযরত আলীর ছেলে ছিলেন তিনি।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী শরীফ হাসান জানান, গতরাতে তেজগাঁও সাউদান গ্রুপ সড়কের সামনে মোটরবাইক চালিয়ে দুই যুবক যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আমরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাইকের আরেক আরোহী ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, এ ঘটনায় ইমনের বন্ধু জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
৬৮ দিন আগে
‘মশার কয়েল থেকে’ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ায় দুই কৃষক দগ্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই কৃষক।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জানবার প্রামাণিকের গোয়ালে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হয়েছেন। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা আহত হন বলে জানা গেছে। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। তাদের বাড়ির দুই ভাই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর ঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে নিজের ধারণার কথা জানা এ কর্মকর্তা।
৬৮ দিন আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ভারতীয় সহকারী হাইকমিশনার
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাতে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নগরীর উপশহর এলাকায় একটি অভিজাত হোটেলের সেমিনার কক্ষে এ পুনর্মিলনী আয়োজন করে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন।
সহকারী হাইকমিশনার দুদেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সিলেট অঞ্চলের সাংবাদিকরা আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের সঙ্গে ভারতীয় সরকারের সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো প্রধান দ্বোহা চৌধুরী।
সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরসহ অন্যান্য সাংবাদিকরা।
সিলেটের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি।
৬৮ দিন আগে
ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ঈদুল ফিতরের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আজ (শনিবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তিনি আরও জানান, ছুটির সময় বন্দরের ভেতরে থাকা পণ্যের লোড-আনলোড কার্যক্রম চালু ছিল এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
৬৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে তেল মজুদ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদ রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি। অভিযানে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি জানান, প্রতিষ্ঠানটি জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অনিয়মে জড়িত ছিল। পাশাপাশি তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৬৯ দিন আগে
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দল লোক সেখানে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিত খীসাপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৬৯ দিন আগে
সিলেটে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
সিলেটের জাফলংয়ে দাদির সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি তার দাদির সঙ্গে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত জিরো পয়েন্টের পাশে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
৬৯ দিন আগে
শেরপুরে আবাসিক ভবনে মজুদ ১৮ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনে জ্বালানি তেল মজুদ রেখে ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে শেরপুরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের গোয়ালপট্টি এলাকার মেসার্স শিমলা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। একইসঙ্গে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে মজুদ রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আবাসিক ভবনে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন আদালত।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের মালিকানাধীন মেসার্স শিমলা ট্রেডার্স দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মূল্যে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিলেন। তারা আবাসিক ভবনের নিচে প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার একটি বড় ট্যাংক নির্মাণ করেছেন। সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। এছাড়া পরিবেশ অধিদপ্তরসহ কয়েকটি সরকারি দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও তাদের কাছে পাওয়া যায়নি।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনে জ্বালানি তেল মজুদ রেখে ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে শেরপুরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের গোয়ালপট্টি এলাকার মেসার্স শিমলা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। একইসঙ্গে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে মজুদ রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আবাসিক ভবনে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন আদালত।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের মালিকানাধীন মেসার্স শিমলা ট্রেডার্স দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মূল্যে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিলেন। তারা আবাসিক ভবনের নিচে প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার একটি বড় ট্যাংক নির্মাণ করেছেন। সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। এছাড়া পরিবেশ অধিদপ্তরসহ কয়েকটি সরকারি দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও তাদের কাছে পাওয়া যায়নি।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৬৯ দিন আগে