সারাদেশ
ঝিনাইদহে পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ শহরের সৃজনী পেট্রোল পাম্পে তেল দেওয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে নিরব নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাম্পকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের সঙ্গে বসবাস করতেন। ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তার একটি ফাস্টফুডের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নিরব ও তার এক সঙ্গী মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। সে সময় পাম্পকর্মীরা তাদের মোটরসাইকেলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা ফিরে আসার সময় দেখেন, অন্য একজনকে পাঁচ লিটারের বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে পাম্পকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে সময় পাম্পকর্মীর লাঠির আঘাতে নিরব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরবের পালক পিতা আবুল কাশেম অভিযোগ করেন, তাদের মোটরসাইকেলে তেল না দিয়ে অন্যদের বোতলে তেল দেওয়ার প্রতিবাদ করায় পাম্পকর্মীরা তার ওপর হামলা চালান।
এ বিষয়ে ঝিনাইদহ ‘দ্য রেড জুলাই’ সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবু হাসনাত তানাইম বলেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় তাদের এক সহযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুমন জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, তেল নেওয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত মূল তিন আসামিকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৮৮ দিন আগে
ঘন কুয়াশায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতেও আটকা পড়ে দুটি ফেরি। আকস্মিক কুয়াশায় ফেরি বন্ধ থাকায় বাড়তি ভোগান্তিতে পড়েন বিভিন্ন যাবাহনের চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, রবিবার (৮ মার্চ) ভোর থেকে পদ্মা অববাহিকায় হঠাৎই ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। সকাল ৭টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। কুয়াশা ভেদ করে নৌপথ দেখা যাচ্ছিল না। এতে নৌ দূর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে শাহ পরান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে দুইটি ফেরি। এছাড়া অপর ১১টি ফেরি ঘাটগুলোতে আটকিয়ে রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক রয়েছে শতাধিক। যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।
৮৮ দিন আগে
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে যাওয়ার সময় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লা মুরাদ নগর থানার ইসমাইল হোসেন (৩৫) ও দাউদকান্দি থানার মো. মহসীন মিয়া (৩০)।
ওসি আব্দুল জাব্বার জানান, গতকাল (শুক্রবার) দিবাগত রাত ১টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ জানতে পারে কুমিল্লা থেকে একদল ডাকাত পিকআপ নিয়ে হাজীগঞ্জ বাজারে ডাকাতি করার জন্য আসছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার সেতুর পাকা সড়কের ওপর পুলিশ তাৎক্ষণিক চেকপোস্ট বসায়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশি করেন।
তিনি বলেন, দিবাগত রাত পৌনে ১টার দিকে টাটা ব্র্যান্ডের নীল রঙয়ের ছোট পিকআপ আটক করে পুলিশ। তখন পিকআপে থাকা ডাকাত দলের সদস্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দিলীপ চন্দ্রা সাহা পুলিশ সদস্যদের নিয়ে ডাকাত দলের সদস্যদের অস্ত্রসহ আটক করেন।
জব্দ করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে— ১টি ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, পুরাতন ৩টি সুতি গামছা, ৫টি ধারালো সার্প কোম্পানির ব্লেড ও ৩টি কালো রঙয়ের মাস্ক।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। আসামিদেরও চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
৮৯ দিন আগে
সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরছিন্না গ্রামে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে হাফিজুর রহমান (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার কুমারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, হাফিজুর দীর্ঘদিন ধরে চুল কাটার কাজ করতেন। মাঝেমধ্যে যমুনায় মাছ ধরে বিক্রি করতেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল গ্রামের ভুট্টা ক্ষেতের ভেতরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি কীভাবে খুন হয়েছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ ঘটনার কারণ জানা যাবে বলে জানান তিনি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইতোমধ্যেই এ ঘটনায় বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশের এই ওসি।
৮৯ দিন আগে
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ১৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে লক্ষীপাশা ইউপি মেম্বার জিরু কাজীসহ ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাঁকা গ্রামে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন— জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের, মিরাজ মোল্যা। এর মধ্যে জিরু কাজীর লোকজন বেশি আহত হয়েছেন।
এছাড়া বাঁকা গ্রামের রাস্তায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) বিকেলে আক্তার মোল্যার লোকজন মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করেন।
আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। এরপর গতকাল দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বিকেলে মসজিদের ভেতরে গিয়ে আক্তারের গ্রুপের লোকেরা জিরু কাজীর লোকজনকে মারধর করেন। এর জের ধরেই আজ (শনিবার) সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
৮৯ দিন আগে
সিলেটে আগুনে পুড়ল বসতঘর
সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নগরীর তালতলা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৮৯ দিন আগে
হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে হতাশ স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় বাকি ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন। পরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড, ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শনসহ সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ মার্চ সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন দেখতে পাই, সেখানে উল্লেখ ছিল—হাসপাতালে ডাক্তাররা সময়মত উপস্থিত হন না। এর বিপরীতে ডাক্তারগণ বক্তব্য দিয়েছিলেন, ডাক্তাররা হাসপাতালের উপরতলায় ছিলেন, আর সংবাদকর্মীরা নিচতলায় ছিলেন। সংবাদটি প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আজকের এই আকস্মিক পরিদর্শন।
তিনি বলেন, ‘আসলে পরিস্থিতিটি কী, সেটি দেখার জন্যই আসা। যা আমরা শুনি, তাই কি সত্য, না এর বাইরেও কিছু আছে; আসলেই মানুষ সেবা পাচ্ছে কি না। তবে এখানে এসে আমি নিজেই হতাশ। মাত্র ২৪ ঘণ্টা আগে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়, তারপরও তারা সংশোধন না হয়ে নিজেদের মতোই চলছেন। আমি ভেবেছিলাম, এবার অন্তত সকল ডাক্তার যার যার কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত হবেন, কিন্তু পরিদর্শনে এসে সেটা দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘এ হাসপাতালে মোট ২৭টি পোস্ট রয়েছে। কর্মরত পোস্টে ডাক্তার আছেন ২১ জন। তার মধ্যে আমরা উপস্থিত পেয়েছি মাত্র ৮ জন ডাক্তার। কিন্তু এ ৮ জনের মধ্যেও ২ জন নির্ধারিত সময়ের পরে এসেছেন। এছাড়া ৫ জন ডাক্তার ছুটিতে রয়েছেন।
‘ডাক্তাররা মানবিক সেবায় নিয়োজিত। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই এবং তা ডাক্তারদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মতো উপস্থিত হন না। যারা উপস্থিত হননি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় রেবিক্স টিকার বিষয়ে এ প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।’
হাসপাতাল পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম প্রমুখ।
৮৯ দিন আগে
ইরাকে যুবকের মৃত্যু, ভেঙে গেল পরিবারের দশ লাখ টাকার স্বপ্ন
ফেনী সদর উপজেলার মেহেদি হাসান নাহিদ (২১) নামের এক যুবকের ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু্জন মৃত্যুবরণ করেছেন। পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় নাহিদ ৫ মাস আগে পাড়ি জমান ইরাক। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার। ১০ লাখ টাকা ঋণ করে তার বাবার মাধ্যমে নাহিদকে প্রবাসে পাঠানো হয়েছিল।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
নিহত নাহিদ উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর বিসিক শিল্পনগরী-সংলগ্ন মৃধা বাড়ির মোহাম্মদ মাহবুবুল হকের ছেলে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে নাহিদ ছোট ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুবুল হক ৮ বছর ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত। গত বছরের অক্টোবর মাসে বাবার হাত ধরে কাজের সন্ধানে সেখানে যান নাহিদ। গত মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পরে নাহিদ ও তার সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেদিন রাতে নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (৪৫) ও তার ছেলে মো. সাব্বিরসহ (২২) তিনজন হাসপাতাল থেকে বাসায় গিয়ে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন তাদের কোনো সাড়া না পেয়ে বাসায় গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নাহিদের চাচা মনিরুজ্জামান বলেন, পরিবারের ভাগ্য ফেরাতে ১০ লাখ টাকা ঋণ করে তার বাবার মাধ্যমে নাহিদকে প্রবাসে পাঠানো হয়েছিল। কিন্তু তার এমন আকস্মিক মৃত্যুতে সকলে শোকে স্তব্ধ। ছেলে হিসেবেও নাহিদ অনেক নম্র-ভদ্র ছিল। তার পরিবার আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে অনেক বেশি উপকৃত হবে বলে জানান তিনি।
নাহিদের মা হোসনে আরা বলেন, শেষবারের মতো আমার সন্তানের মুখ দেখতে চাই। তাকে দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। অর্থনৈতিকভাবে আমার পরিবার একদম শেষ হয়ে গেছে। আমি সকলের সহযোগিতা চাই।
এ ব্যাপারে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, মৃত্যুর বিষয়টি এখনও অবগত নই। পরিবারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়নি। অবগত হলে বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী সহায়তা করা হবে।
৮৯ দিন আগে
তেল পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার প্রতিরোধকল্পে যশোরের বেনাপোল, শার্শা ও চৌগাছাসহ চুয়াডাঙ্গা সীমান্তের বিভিন্ন স্থানে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী শনিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গতকাল (শুক্রবার) রাত থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ করে অতীতে যেসব সীমান্ত রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় ও ভারতীয় ট্রাক মালামাল পরিবহনের সময় ভারতে প্রবেশের আগে আরও বেশি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, যশোর সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক যেকোনো যান চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদের সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, চুয়াডাঙ্গা বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকা দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া দর্শনা আইসিপি গেটেও দেশীয় ও ভারতীয় পণ্য ভারতে প্রবেশের সময় বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তপথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
৮৯ দিন আগে
রাতে রাজধানীর সড়কে ঝরল ৪ প্রাণ
গতরাতে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
শুক্রবার (৬ মার্চৃ) সাড়ে রাত ১০টা ও ১১টার দিকে যথাক্রমে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এবং সায়েন্স ল্যাবে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশাচালক আলিম (৪৮) ও যাত্রী হারুনুর রহমান (৩২)। তারা দুজন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিহত হন। অন্যদিকে, সায়েন্স ল্যাব এলাকায় প্রাণ হারান সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)।
রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হন।
পরে রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আলিম এবং যাত্রী হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া হ্যাপি আক্তার (২২) ও নিহত হারুনের স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক থেকে হারুনের আত্মীয় নাবিল জানান, রাত সাড়ে দশটার দিকে সিএনজিতে করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা দিয়ে মহাখালী তাদের বাসায় যাওয়ার সময় ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চালক আলিম ও যাত্রী হারুন নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় বৃষ্টি আক্তার ও হ্যাপি আক্তার দুজনেই গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার দশ কানিয়া গ্রামে বলে জানান নাবিল।
এ দুর্ঘটনার বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত দুই নারীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
অপরদিকে, নিউমার্কেট থানার সায়েন্স ল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে নিউমার্কেট থানা পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই সাজু আহমেদ সুমন নিহত হন। পরে গুরুতর অবস্থায় তৃষাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক মাহমুদুল। তিনি জানান, সায়েন্স ল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সুজন ও তার মেয়ে তৃষা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত সাজু আহমেদ সুজন সেগুনবাগিচায় গণপূর্ত বিভাগে চাকরি করতেন। তার মেয়ে একজন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তারা বর্তমানে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন।
৮৯ দিন আগে