বাংলাদেশ
সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জ্বালানি খরচ ৩০ শতাংশ হ্রাস
ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়িঋণ স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ ৩০ শতাংশ কমানোসহ একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল।
গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, উপ-সচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পান। এছাড়া গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাতা এবং বার্ষিক ১০ শতাংশ অবচয় সুবিধাও পেয়ে থাকেন তারা।
নতুন নির্দেশনায় এই ঋণ সুবিধার পাশাপাশি সরকারি অর্থায়নে সকল বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, অভ্যন্তরীণ প্রশিক্ষণ সংক্রান্ত খরচ ৫০ শতাংশ, সভা-সেমিনারের আপ্যায়ন খরচ ৫০ শতাংশ এবং সেমিনার ও কনফারেন্সের খরচ ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হবে।
ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহৃত সরকারি যানবাহনের জ্বালানি খরচ ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ভিত্তিতে সরকারি যানবাহনের জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ এবং সরকারি দপ্তরে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহারও সমপরিমাণ কমানো হবে।
এছাড়া সরকারি খাতে সকল ধরনের গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মন্ত্রিসভা আবাসিক ভবনের শোভাবর্ধন খরচ ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৬২ দিন আগে
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
দেশের মানুষের কল্যাণ ও চলমান সংকট মোকাবিলায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে তিনি এ অনন্য কর্মনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিন সকাল ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে ফাইল পর্যালোচনা, বিভিন্ন বৈঠক এবং গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করেন তিনি।
সচিবালয়ের কাজ শেষ করে তারেক রহমান জাতীয় সংসদে যান। সেখানে রাত প্রায় ৮টা পর্যন্ত সংসদ অধিবেশনে উপস্থিত থাকেন। এরপর রাত পৌনে ৯টার দিকে তিনি সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দেশের জ্বালানি পরিস্থিতিসহ বেশ কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার এ বৈঠকটি রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী পুনরায় সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে ফিরে যান এবং দাপ্তরিক কাজ অব্যাহত রাখেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা অফিস করা প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন বলা যায়। তবে আজ তা প্রায় ১৬ ঘণ্টা ছুঁয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশবাসীর জন্য একটি বিশেষ বার্তা। যখন অনেকেই দিনের শেষে বিশ্রামে যান, তখনও একজন নেতা জেগে থাকেন দেশের তরে, আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য।
৬২ দিন আগে
৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর খবরটি ‘সত্য নয়’
‘ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’—এ শিরোনামে সম্প্রতি প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশন থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ দাবি করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদ লিপিতে জানানো হয়, প্রকাশিত সংবাদটিতে তথ্যের ব্যাপক বিভ্রান্তি রয়েছে। প্রকৃতপক্ষে এটি সচিবদের জন্য কোনো প্রশিক্ষণ নয়, বরং সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি নিয়মিত কার্যক্রম।
এতে বলা হয়েছে, ‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মকর্তাদের জন্য গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং নেগোশিয়েশন স্কিলসহ বিভিন্ন কোর্সের আয়োজন করা হয়। এসব কোর্সের একটি বড় অংশ দেশেই সম্পন্ন হয়েছে। এছাড়া ব্যয় সংকোচনের লক্ষ্যে ইউরোপের পরিবর্তে এশিয়ার দেশগুলোতে প্রশিক্ষণের অবশিষ্টাংশ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
সংবাদে ‘পাতায়া’কে সম্ভাব্য গন্তব্য হিসেবে উল্লেখ করা প্রসঙ্গে প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে, এটি সঠিক নয়। সম্ভাব্য ভেন্যু হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া বা এশিয়ার অন্য কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিবেচনায় রয়েছে। ‘পাতায়া’ উল্লেখ করে প্রশিক্ষণকে পর্যটননির্ভর হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
এছাড়া প্রস্তাবটি এখনও একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়নি। এটি চূড়ান্ত নয়, বরং প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিয়ামের মতো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং একটি ইতিবাচক উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা দাবি করে প্রতিবাদ লিপিতে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
৬৩ দিন আগে
আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতের আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল, ওই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত একটি জাতীয় কমিটি কর্তৃক পর্যালোচনা করা হয়েছে। কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করেছে।
তিনি বলেন, পর্যালোচনায় আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক মূল্যে স্বাক্ষর করেছে মর্মে জাতীয় কমিটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে।
জাতীয় কমিটিকে উদ্ধৃত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি এখন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এখন এই সংকট সমাধানে দুটি পথ বিবেচনা করছে। প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, আদানি পাওয়ারের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্তসমূহ সংশোধন ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া। জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, সরকার সেই কার্যকর পদক্ষেপই গ্রহণ করবে।
একইসঙ্গে বিদ্যুৎ খাতের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র চালু রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় ২০৩১ সালের মধ্যে অতিরিক্ত ৬ হাজার ২৫৫ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, সারা দেশে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে এবং বহু পুরোনো উপকেন্দ্র আধুনিকায়ন করা হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় একাধিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উল্লেখযোগ্য সক্ষমতা বৃদ্ধি করা হবে। এ ছাড়া বিভিন্ন অঞ্চলে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ১৩৬টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা প্রায় ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। তবে চাহিদা অনুযায়ী দৈনিক গড়ে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিদ্যুৎ বিভ্রাট কমবে এবং শিল্প ও আবাসিক খাতে স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৬৩ দিন আগে
ফুটপাত-রাস্তায় ব্যবসা নয়, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ভবিষ্যতে ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, আমরা বিকল্প স্থানে ব্যবসার ব্যবস্থা করে দেব। ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না—এটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে।
তিনি বলেন, আগে যারা ফুটপাতে ব্যবসা করতে সহযোগিতা করতেন, তারা আর সহযোগিতা করতে পারবেন না। ব্যবসায়ীদের সমস্যা রয়েছে, সেসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সিটি করপোরেশন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।
শফিকুল ইসলাম খান বলেন, মানবিক কারণে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। চাইলে আমরা ফোর্স দিয়ে উচ্ছেদ করতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা চাই আমাদের এলাকার মানুষ ব্যবসা করে জীবিকা নির্বাহ করুক।
সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়। তারা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং এমন স্থান চেয়েছেন যেখানে ব্যবসা পরিচালনা সম্ভব হবে।
ব্যবসায়ীরা বলেন, বহু বছর ধরে তারা ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদ হলে পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়তে হবে। তারা পুনর্বাসনের আগে নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পর্যাপ্ত সময় দেওয়ার দাবি করেন।
প্রশাসক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বের করা হবে এবং এ বিষয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন থেকে আমরা ব্যবসায়ীদের একটি টোকেন প্রদান করব, যাতে কেউ চাঁদা দাবি করলে তা দিতে না হয়, এবং আপনারা জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।
মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
৬৩ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ গ্রেড-২ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
৬৩ দিন আগে
১০০ কোটি টাকার মানহানি মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছেন আদালত।
সিরাজগঞ্জের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, সোমবার (৩০ মার্চ) দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করেন।
বাদী নাজমুল ইসলাম বলেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির এমপি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেন। এজন্য তার বিরুদ্ধে উল্লিখিত টাকার মানহানি মামলা করা হয়েছে। বিজ্ঞ বিচারক এ মামলা আদেশের অপেক্ষায় রেখে ছিলেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে এ মামলা শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারির নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ২৬ মার্চ জেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলামবিদ্বেষী ও নাস্তিক আখ্যা দেওয়া হয়। এতে আমাদের হুদয়ে রক্তক্ষরণ হয়েছে।
তিনি আরও বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নামাজ আদায় করেন। তিনি হজ পালন করেছেন।
৬৩ দিন আগে
সপ্তাহে ৩ দিন হোম অফিসের খবর গুজব: জনপ্রশাসন মন্ত্রণালয়
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিস সপ্তাহে তিন দিন সশরীরে এবং দুই দিন ভার্চুয়ালি পরিচালিত হবে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা তারা জারি করেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।
৬৩ দিন আগে
এক মাসে অবৈধ মজুদ করা ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার
অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে গত এক মাসে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেল উদ্ধার করেছে সরকার। একই সময়ে পরিচালিত অভিযানে ২ হাজারের বেশি মামলা ও জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ৯টি মামলা করা হয়েছে এবং মোট ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ তুলে ধরে তিনি বলেন, মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেলের মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার।
৬৩ দিন আগে
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত
ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় রাজধানীর দুই সিটিতে মোট ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করেছে সরকার। একইসঙ্গে প্রায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ভূমিকম্প সচেতনতা বাড়াতে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করা এবং শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার বিষয়েও সরকার ভাবছে।
তিনি আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।
৬৩ দিন আগে