বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬২ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৫৫ জন আক্রান্ত
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। এদের মধ্যে পুরুষ ৪৬ শতাংশ ও নারী ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে পুরুষ ৬০ দশমিক ৭ শতাংশ ও নারী ৩৯ দশমিক ৩ শতাংশ।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২৫ জন আক্রান্ত
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৫
৫৯৮ দিন আগে
কোটা সংস্কারে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না: আইনমন্ত্রী
কোটা সংস্কারে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত যে রায় দেবে সরকার সেটা বিবেচনা করবে, সেটার প্রতিপালন করার চেষ্টা করবে।’
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেন। এরপর সাত থেকে আটজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে মামলা করেন। আজ যারা কোটা আন্দোলন করছেন, তারা তো হাইকোর্টে যাননি। হঠাৎ একদিন যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হয়েছে, তখন তারা আন্দোলনে নেমে পড়েছেন। তারা হাইকোর্টে না গিয়ে রাস্তায় আন্দোলনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’
প্রশ্ন উঠেছে, কোটা আদালতের বিষয় নয়, সরকারের বিষয়- উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে যখন একটি বিষয় যায়, তখন সরকার অপেক্ষা করে আদালত কী বলে। তারপর সরকারের পদক্ষেপ নেওয়ার সময় হয়। তাই কোটার বিষয়ে সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে। সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করবে।’
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
তিনি বলেন, ‘স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্ত বিবেচনা, নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। সর্বোচ্চ আদালত তাদের এ আশ্বাস পর্যন্ত দিয়েছেন। তারপরও এ আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা আছে? আন্দোলনের যে স্লোগান দেওয়া হচ্ছে, এর প্রয়োজনীয়তা থাকে?’
আইনমন্ত্রী বলেন, ‘আজকে ইনডেমনিটি আইনের ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন ছাত্রদের মুখে স্লোগানের কথা শুনছি। যারা আন্দোলন করছেন, তারা যদি- আমি কে, তুমি কে, আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম তারা সঠিক পথে আছেন।’
আনিসুল হক বলেন, ‘যৌক্তিক কথা প্রধানমন্ত্রী শুনবেন। জনগণের জন্য যেটি ভালো হয়, সেটি প্রধানমন্ত্রী করবেন, কিন্তু তার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না। সেই আদর্শ হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করতে পারবে না। বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করতে পারবে না। এ চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ এবং একটি আইনের শাসনে প্রতিষ্ঠিত দেশ হিসেবে পরিচিত করার সংগ্রামে লিপ্ত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইনডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশে বিচারহীনতার জন্ম দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়ার হাতিয়ার হয়েছিল। এই অধ্যাদেশ জন্ম দিয়েছিল- বাংলাদেশে রাজাকার, আল-বদর এবং নিজামী মুজাহিদরাই থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে না।’
ইনডেমনিটি অর্ডিন্যান্স বাংলাদেশের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের ১২ই নভেম্বর এই অর্ডিন্যান্স বাতিল করে প্রমাণ করে দেন যে, বাংলাদেশের জনগণ এই অর্ডিন্যান্স সহ্য করবে না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সংসদ সদস্য তারানা হালিম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বঙ্গবন্ধু গবেষক মো. হাফিজুর রহমান, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা: আইনমন্ত্রী
কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায়বিচার করবেন আদালত: আইনমন্ত্রী
৫৯৮ দিন আগে
মোবাইল অপারেটরদের কাছে পাওনা টাকা শিগগিরই আদায় করা হবে: পলক
মোবাইল অপারেটরদের কাছে বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা আদায় প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে বেশকিছু টাকা পাওনা আছে। তার প্ররিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। এই টাকা শিগগিরই আদায় করা হবে।’
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
আরও পড়ুন: আইটি-আইটিইএস খাতে যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে: পলক
তিনি বলেন, ‘এটা নিয়ে সোমবার এনবিআর চেয়ারম্যান ও বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। মঙ্গলবার বিকালে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও বিটিআরসির প্রতিনিধিকে এনবিআরে পাঠাব।’
তিনি আরও বলেন, ‘কোনটা কোনটা বিচারধীন ও কোনটা কোনটা আদালতের বাইরে, তা আমরা সেটেলড করতে পারি এবং কোন মোবাইল অপারেটরের প্রস্তাব কী আছে- এগুলো বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে যে, ১২ হাজার কোটি টাকা আমরা পাই। ১২ বছর ধরে তা পাওনা আছে। সেটার আবার একটা ইন্টারেস্টও আছে। এটা যদি এখনই আমরা সেটেলড করতে পারি তাহলে আমাদের লাভ হবে নাকি ১২ বছর পিছিয়ে গেলে লাভ হবে? এটা নিয়ে আমি আপনাদেরও (সাংবাদিক) মতামত চাই। কারণ এটা প্রকাশ্যে আলোচনায় এলে তখন আর প্রশ্ন থাকবে না।’
পলক বলেন, ‘এটা নিয়ে আমরা বিটিআরসি, এনবিআর আন্তরিক আছি। আমার আত্মবিশ্বাস, আমরা এই টাকাটা দ্রুত আদায় করতে পারব।’
আরও পড়ুন: দেশে ডেটা সেন্টার করতে ফেসবুক-ইউটিউব-টিকটককে বাধ্য করা হবে: পলক
কক্সবাজারের নারীদের আত্মকর্মসংস্থানে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি পলকের
৫৯৮ দিন আগে
কোটা আন্দোলন: সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যোলয়ের শিক্ষার্থীরা। শাবিপ্রবি ফটকের সামনে সড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার পর মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় রাস্তায় বসে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি।
এর আগে ক্যাম্পাসে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বেলা ৩টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: কোটা সংস্কারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
এদিকে সকাল থেকে ক্যাম্পসে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন।
তবে শাবিপ্রবি ক্যাম্পাসে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। মঙ্গলবার বিকালে নগরের বন্দরবাজারে কোটাবিরোধী আন্দোলনকারীরা জড়ো হলে লাঠিসোটা হাতে তাদের ধাওয়া করে ছাত্রলীগ। ধাওয়া খেয়ে সড়ক ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা। এসময় কয়েকজন আহত হন।
কোটা আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, সারাদেশে আমাদের উপর পুলিশ ও ছাত্রলীগ হামলা করছে। আমাদের অনেকে নিহত হয়েছেন। যতই হামলা-নির্যাতন চলুক আমাদের আন্দোলন চলবেই। দাবি আদায় করেই আমরা রাজপথ ছাড়ব।
আরও পড়ুন: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
৫৯৮ দিন আগে
কোটা সংস্কারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এসময় প্লে-কার্ড হাতে নিয়ে অবস্থান নেন তারা। ক্লাস-পরীক্ষাও বর্জন করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই মেডিকেল কলেজের গোলচত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গন। কলেজের গোলচত্ত্বর থেকে কোটা সংস্কারের দাবিতে শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
৫৯৮ দিন আগে
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালো জিন্স ও নেভি ব্লু রঙের টি-শার্ট পরা ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল।
যুবককে বহনকারী অ্যাম্বুলেন্সের হেলপার শাকিল সাংবাদিকদের বলেন, তারা তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন। প্রাথমিকভাবে ওই যুবককে মাথায় গুরুতর আঘাত নিয়ে ঢামেক হাসপাতালে স্থানান্তরের আগে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বিকালে সায়েন্সল্যাব এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ওই যুবক আহত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে অ্যাম্বুলেন্স হেলপার বলেন, তিনি কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সে বিষয়ে তিনি জানেন না। ‘আমরা ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি।’
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৫৯৮ দিন আগে
সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি: ডিএসসিসি মেয়র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল যে, গত বছরের তুলনায় এ বছর এডিস মশার বিস্তার আরও বাড়বে। কিন্তু সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে মঙ্গলবার (১৬ জুলাই) ‘এডিস মশাবাহিত ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং তদারকি সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
আরও পড়ুন: ঢাকাবাসীকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষায় এডিসের বিস্তার নিয়ন্ত্রণ করতে চাই: ডিএসসিসি মেয়র
ডিএসসিসি মেয়র বলেন, ‘বিশেষজ্ঞদের আশঙ্কাকে আমলে নিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি। আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে যে সকল জায়গা আমরা লার্ভার অভয়ারণ্য হিসেবে পেয়ে থাকি, সেসব জায়গা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের দায়িত্ব-কর্তব্য চিহ্নিত করে তাদের ফোকাল পয়েন্ট নির্ধারণের মাধ্যমে ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি।’
‘আমরা ইতোমধ্যে সকল হাসপাতাল, থানা ও পুলিশ ফাঁড়ি এবং এ পর্যন্ত ৪৮৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছি। গত বছরের জুলাই মাসে ১ হাজার ৩৩৭ জন রোগী চিহ্নিত হলেও এ বছর আজ পর্যন্ত ১২০ জন রোগী পেয়েছি। ফলে, সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
কোথাও এডিস মশার প্রজননস্থল সৃষ্টির আশঙ্কা থাকলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ফোন করার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ উদ্যোগে নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন জমা পানি ফেলে দিন। কোথাও পানি জমতে দেবেন না। তার সঙ্গে সঙ্গে আশেপাশের কোনো স্থাপনা, জায়গায় যদি পানি জমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৪৪৪ ও ০২২৩৩ ৮৬০১৪ নম্বরে সরাসরি যোগাযোগ করে তথ্য দিন। আমাদের মশক কর্মীরা ১৫ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আরও কার্যকরভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আগামী ৩ মাস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে এবং এর মাধ্যমে মাঠ পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করা হচ্ছে।’
অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডিএসসিসি ঢাকাবাসীর আস্থার আশ্রয়স্থল: ডিএসসিসি মেয়র
জনঘনত্ব ও ঢাকামুখী অভিবাসন রোধ করলে সুফল পাওয়া যাবে: ডিএসসিসি মেয়র
৫৯৮ দিন আগে
ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
কোটাবিরোধী আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ভাঙচুর, হত্যাযজ্ঞ ও রক্তপাত হবে- সেখানেই তারা তাদের কাজ দায়িত্বসহকারে পালন করবে।’
আরও পড়ুন: যুবসমাজ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তিনি বলেন, ‘ছাত্রদের মনে হয় একটু অপেক্ষা করা উচিত ছিল। এ বিচারে শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখা উচিত ছিল। না দেখেই নানা ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায়, অনেক কাজে বিঘ্ন ঘটছে।’
তিনি আরও বলেন, ‘তারা কোর্টে যেতে পারেন, যেটা প্রধান বিচারপতি বলেছেন কিংবা তারা এসে যোগাযোগ করতে পারেন। এসব কিছুই করতে পারেন, এ সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে। খোলা রাস্তায় না গিয়ে, এ ধরনের রাস্তায় যাওয়া তাদের জন্য আমি মনে করি ভালো না। এই জায়গাটি থেকে তাদের চলে আসা উচিত। এটাই তাদের প্রতি মেসেজ।’
গতকাল (সোমবার) ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মাঠে নেমেছে। পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্রদল- এগুলোকে সংজ্ঞায়িত করছি না; আমি বলছি ছাত্ররা। ছাত্ররা হয়তো একদল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে; এমন হতে পারে।’
মন্ত্রী বলেন, ‘কোন দল পক্ষে, আর কোন দল বিপক্ষে- সেগুলো আমাদের জানার বিষয় নয়। আমাদের বিষয় হলো, তারা নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে তাদের কথাগুলো যাতে বলে। তাহলে সবাই সেটা উপলব্ধি করতে পারবে।’
তিনি বলেন, ‘যে মারামারির কথা বলছেন, এগুলো ছাত্রদের মধ্যে... সবসময়ই একমত হতে পারে না। মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাগবিতণ্ডা হয়। সেরকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি, এগুলো সবই দেখেছি।’
সারাদেশে অবরোধ করা হচ্ছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে কি না- জবাবে মন্ত্রী বলেন, ‘ভেঙে পড়েছে- এ কথার সঙ্গে আমি একমত নই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবেই আছে। আপনারা চলছেন, আমিও চলছি; সবই চলছে, সবকিছুই হচ্ছে।’
শিক্ষার্থীরা ভুল করছে জানিয়ে তিনি বলেন, ‘রাস্তা অবরোধ করে দাবি আদায়- এটা সঠিক পন্থা নয়। রাষ্ট্রপতির কাছে তারা আবেদন দিয়েছে, সেটি স্টাডি করতে হবে। রাষ্ট্রপতি আমাদের একটা নির্দেশনা দেবেন, সেটা নিয়ে আমরা কাজ করব।’
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘এগুলো শেখানো বক্তব্য, এগুলো ছাত্রদের বক্তব্য নয়। কটুক্তি যে করছে, এগুলো তারা করেনি। তাদের এগুলো হয়তো কেউ শিখিয়ে দিয়েছে, শেখানো বুলিই তারা বলেছেন। আমার মনে হয়, তারা এই বুলি ভুলবশতই করেছে।’
তিনি বলেন, ‘আমরা যেগুলো দেখছি, তাদের কাছে যে সমস্ত মেসেজ বিভিন্ন মহল থেকে দিচ্ছে, সেগুলো আমরা লক্ষ্য করছি। সেখানে তাদেরকে এ ধরনের আন্দোলন করার জন্য উপদেশ দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: যৌক্তিকতা না থাকলে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা বাতিল হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
৫৯৮ দিন আগে
কোটা আন্দোলন: ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ
কোটা সংস্কার ও সারাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫ টার দিকে বাকৃবি প্লাটফর্ম সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। এতে জামালপুর কমিউটার ট্রেনটি আটকা পড়ে।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ের প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
এর আগে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে এসে শেষ হয়। মিছিলটি শেষ করেই শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।
এসময় শিক্ষার্থীদের- ‘আমি নই তুমি নই, রাজাকার রাজাকার। আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই।’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের এই আন্দোলনে নির্মমভাবে হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সামনের দিনে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
আরও পড়ুন: কোটা সংস্কার: বাকৃবিতে গণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
৫৯৮ দিন আগে
কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজের সামনে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (আনুমানিক ২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশ ও মামুন নামে দুই পথচারী ঢাকা কলেজ এলাকা থেকে লাশ নিয়ে আসেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আকাশ ও মামুন জানান, ঢাকা কলেজের বিপরীতে একটি রিফুয়েলিং স্টেশনের সামনে ওই যুবককে পড়ে থাকতে দেখেন তারা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় হামলার শিকার হয়েছেন ওই যুবক। হামলার সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
৫৯৮ দিন আগে