বাংলাদেশ
দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
দেশ ছেড়ে পালানোর সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপরে হামলার ঘটনায় তার নাম সামনে আসে। রনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ লেখেন, ‘চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশেপাশে যারা আছে তারা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন।’
ওই পোস্টে তিনি দাবি করেন, ‘কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীদের ওপর হওয়া নারকীয় হামলা ও সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যের কারিগর এই রনি। এরে যেভাবেই পারেন ধরার চেষ্টা করুন। এই মুহূর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে।’
গত ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে সমাবেশ ডাকে শিক্ষার্থীরা। একই দিনে একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনিও। ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রনির নেতৃত্বে গুলি ছোড়া হয়।
৬৬৪ দিন আগে
ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক এসবিএসি’র সাবেক চেয়ারম্যান
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনসহ দু’জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় দিকে তাদেরকে আটক করে বিজিবি।
আমজাদ হোসেনের সঙ্গে আটক হন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন ওরফে (খোড়া টুটুল)।
সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া একই দিনে দুপুরে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনকেও আটক করা হয়েছে।
অভিযোগ রয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পদত্যাগী চেয়ারমান এসএম আমজাদ হোসেনের শত শত কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সম্পদের একাংশ দেশে, একাংশ বিদেশে রয়েছে।
সংস্থাটি তথ্য অনুযায়ী, সম্পদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি। বেলজিয়াম, ফ্রান্স, সিঙ্গাপুর, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে পাচার করেছেন বিপুল পরিমাণ টাকা। এসব দেশেও রয়েছে তার স্থাবর ও অস্থাবর সম্পদ।
আরও পড়ুন: পলায়নকালে দর্শনা চেকপোস্টে রাসিক কাউন্সিলর ও তার সহযোগী আটক
খুলনা অঞ্চলের এই ব্যবসায়ী স্থানীয়ভাবে আমজাদ নিকারি নামে পরিচিত ছিলেন। কর্মজীবনের শুরুতে এলাকায় ঘুরে ঘুরে গৃহস্তের কাছ থেকে মাছ কিনে বাজারে বিক্রি করতেন বলে নামের সঙ্গে ‘নিকারি’ শব্দটি যুক্ত হয়। আশির দশকে বাংলাদেশ থেকে ফ্রোজেন ফিস রপ্তানি শুরু হলে, শুরুতেই তিনি সেই ব্যবসায় যুক্ত হন। গঠন করেন নিজের গ্রামের নামে লকপুর গ্রুপ।
অভিযোগ আছে, খুলনা শহরে তার রয়েছে একাধিক বাড়ি, আবাসিক হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লকপুর ফিশ প্রসেস কোম্পানি লিমিটেড, বাগেরহাট সিফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শম্পা আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, রুপসা ফিশ অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন স্টার ফিশ লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, খুলনা অ্যাগ্রো এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, ইস্টার্ন পলিমার লিমিটেড, মেট্রো অটো ব্রিকস লিমিটেড, খুলনা বিল্ডার্স।
আরও পড়ুন: ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পৃক্ততা চায় ইইউ
৬৬৪ দিন আগে
সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আমি ব্যক্তিগত কূটনৈতিক আলাপচারিতায় কথা বলব না, তবে স্পষ্টতই একটি বিষয় আমরা পরিষ্কার করেছি যে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করতে দেখতে চাই।’
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে উল্লেখ করে মিলার আরও জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।
মিলার বলেন, শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে কি না জানি না, তবে তিনি উপস্থিত ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিলার বলেন, আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সহিংসতার সব অপরাধীর পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানাচ্ছি।
অন্তর্বর্তীকালীন সরকারকে সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
গত কয়েক সপ্তাহে নিহত, মানবাধিকার লঙ্ঘন ও আহতের খবরে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মিলার বলেন, 'যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা ভুক্তভোগী তাদের সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নতুন যাত্রার আশা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলবিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৬৬৪ দিন আগে
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পৃক্ততা চায় ইইউ
বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততা তৈরি এবং চলমান জটিল অবস্থা থেকে উত্তরণে সহায়তা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ জানায়, সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রূপান্তর হওয়া উচিত।
শুক্রবার এক বিবৃতিতে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল বলেন, 'নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথ নেওয়ার ঘটনাকে স্বাগত জানাচ্ছে ইইউ।
তিনি বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে প্রবেশ করছে এবং গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্র তৈরি এবং যেসব মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জন্য জবাবদিহি নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে।
ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, 'বাংলাদেশের গণতান্ত্রিক পথ এবং জনগণ ও তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নতুন যাত্রার আশা নিয়ে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলবিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৬৬৪ দিন আগে
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ড. ইউনূস ও তার উপদেষ্টাদের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বেলা ১১টা ১৪ মিনিটে তিনি শহীদ মিনারে পৌঁছান এবং প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
দেশব্যাপী গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতে নোবেলবিজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার শপথ নেয়।
৬৬৪ দিন আগে
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৩ মিনিটে মুষলধারে বৃষ্টির মধ্যেই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. ইউনূস।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন অন্যান্য উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের চারদিন পর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
৬৬৫ দিন আগে
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: অধ্যাপক ইউনূস
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, শিগগিরই সব ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।
বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের নির্দেশে বিভিন্ন ক্ষেত্রে যারা অপরাধ করেছে শিগগিরই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সব সেক্টরের অপরাধের বিচার হবে।’
সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য এই বার্তা প্রযোজ্য হবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, নিষ্ঠুর ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে ক্ষমতা দখল করে রেখেছিল। আগের সরকারের এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আমরা প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব।
সব প্রতিষ্ঠান ও এর সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং দেশকে গৌরবের সর্বোচ্চ স্তরে উন্নীত করার মাধ্যমে 'দ্বিতীয় বিজয়' উপভোগ করার আহ্বান জানান ড. ইউনূস।
তিনি বলেন, 'জাতির পক্ষ থেকে আমি সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে নির্ভীকভাবে এগিয়ে আসার এবং উৎসাহ ও আনন্দের সঙ্গে তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
নোবেলবিজয়ী ড. ইউনূস বলেন, সব নাগরিক যাতে ভয় ও দুশ্চিন্তামুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের ফলাফল হিসেবে গঠিত এই নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন সবার সরকার হিসেবে প্রতিনিধিত্ব করে। এই প্রশাসনের অধীনে দেশের সব নাগরিক নিজেদের আকাঙ্ক্ষা পূরণের অধিকার পাবে।
বিজয়ী শিক্ষার্থীরা, জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে নৈরাজ্যের বিষবাষ্প ছড়ানোর যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, নৃশংস স্বৈরাচারী শাসনের পতনের সঙ্গে সঙ্গে আগামীকাল (শুক্রবার) এক নতুন যুগের সূচনা হবে যেখানে রাজনৈতিক পরিচয় বা মতামত নির্বিশেষে জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকারকে সমুন্নত রেখে নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে সক্ষম হবে।
দেশের সব মানুষের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, 'এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতা করুন।’
ড. ইউনূস আরও বলেন, ‘সারা বিশ্ব অবাক বিস্ময়ে বলছে, ব্রাভো বাংলাদেশ, ব্রাভো বাংলাদেশের শিক্ষার্থীরা। আমাদের লক্ষ্য এই অর্জনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৬৬৫ দিন আগে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে মোদির অভিনন্দন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এই অভিন্দন জানান।
তিনি বলেন, ‘আমরা আশা করি, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
তার ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা একটি বার্তায় মোদি বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
৬৬৫ দিন আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন অধ্যাপক সালামকে উদ্ধৃত করে বলেন, তিনি আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরবেন না। তিনি আরও উল্লেখ করেন, উপাচার্য তার পদত্যাগপত্র হস্তান্তরের জন্য ইবির রেজিস্ট্রার অফিসে জমা দিয়েছেন।
মন্তব্যের জন্য অধ্যাপক শেখ আবদুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা উপাচার্য ও উপউপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে পদত্যাগ করার আহ্বান জানানোর পর পদত্যাগ করেন তিনি।
৬৬৫ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের ১৪ সদস্যের মধ্যে ১৩ জন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সাবেক প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।
আরও পড়ুন: জাবি উপাচার্য অধ্যাপক নুরুল আলমের পদত্যাগ
পদত্যাগকারী সদস্যরা হলেন- অধ্যাপক মাকসুদুর রহমান, ড. লিটন কুমার সাহা, ড. মাহবুবুল রহমান, মোহাম্মদ নাজির হোসেন খান, ড. মোহাম্মদ আবদুল মুহিত, ড. এমএল পলাশ, ড. সৌদ আহমেদ, সঞ্চিতা গুহ, ড. মোহাম্মদ হাসান ফারুক, মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইমাউল হক সরকার টিটু এবং ড. বদরুল হাসান।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
৬৬৫ দিন আগে