রাজনীতি
কিশোরগঞ্জে ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে আব্দুর রাজ্জাক রেজু মিয়া (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার আগানগর ইউনিয়নের মনতাজ চেয়ারম্যানের এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রেজু মিয়া ওই এলাকার মৃত আলাউদ্দিন ওরফে চান মিয়ার ছেলে ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে তার বাড়ির পাশের এলাকার কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বাড়ি ফেরার পথে একটি দোকানে বসেন তিনি। এ সময় নির্বাচনি টলহরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে প্রথমে এলাকার একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধের ছেলে মর্তুজ মিয়া বলেন, সেনাবাহিনীর গাড়ি দেখে ভয়ে আমার বাবা আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে স্থানীয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়, ঘটনাটি শুনেছি। তবে এটা আমার ভোটকেন্দ্রের বাইরে। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
২২ দিন আগে
সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২টি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়। তারা হলেন বর্ণি মাঝপাড়ার বাসিন্দা কাউসার ও ফাহিম আহমদ।
এছাড়া, রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একই অভিযোগে আরও ১ জনকে আটক করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় মোট ৩ জনকে আটক করা হলেও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হওয়া ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
২২ দিন আগে
ঠাকুরগাঁও-১ আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ১ লাখ ৬১ হাজার ২৪৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৩৬৮ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে ১০৪টির মধ্যে ৮১টি কেন্দ্রের ফলাফলে মাওলানা আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯০ হাজার ৪৮৯ ভোট এবং ডা. আব্দুস সালাম (ধানের শীষ) পেয়েছেন ৮৮ হাজার ৭৮২ এবং
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির জাহিদুর রহমান (ধানের শীষ) ২৭ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতের মিজানুর রহমান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।
২২ দিন আগে
যশোরে কর্মকর্তাদের গাফিলতিতে এক মোজাম্মেলের ভোট দিলেন আরেক মোজাম্মেল
যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নাম ও বাবার নাম এক হওয়ায় এমনটি ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে ঘটনাটি ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন প্রান্ত নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জানান, তার ভোট ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে। বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে দায়িত্বরত পোলিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তার ভাষ্য অনুযায়ী, একই নাম ও বাবার নাম হওয়া ছাড়াও চেহারায় মিল থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এসব কারণেই ভুলবশত এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আপত্তিকৃত ভোট গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে একই কেন্দ্রে এ ধরনের আরও একটি ভুলের ঘটনা ঘটেছে বলেও তিনি স্বীকার করেন।
ঘটনাটি জানাজানি হলে ভোটারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের ভুল রোধে আরও সতর্কতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
২২ দিন আগে
চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারার আহ্বান জামায়াত আমিরের
আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।
তিনি আরও বলেন, মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়ব। মন ভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।
‘কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।
‘আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় সংস্কারের জন্য শক্তিশালী জনমত পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সকাল সড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৬৫৯টি। এতে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আরও প্রায় ১০ লাখ কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করেন।
সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধানের কয়েকটি সংশোধনী প্রস্তাবের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাতে গণভোটেও অংশ নেন ভোটাররা।
২২ দিন আগে
কুমিল্লায় কেন্দ্রে ঢুকে ধানের শীষে ‘সিল মারার চেষ্টা’, আটক ৩
কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যালট ছিনিয়ে নিয়ে তারা ‘ধানের শীষ’ প্রতীকে সিল মারার চেষ্টা করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনায় ৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, দুপুরে একদল দুর্বৃত্ত জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ৩টি ভোটকক্ষে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় কোনো সিল মারা ব্যালট বাক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী সেগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে এবং পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা। তিনি বলেন, আমরা বাইরে থেকে দায়িত্ব পালনের জন্য এসেছি। যারা কেন্দ্রে প্রবেশ করেছিল, তাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে লালমাইয়ের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, উদ্ধার হওয়া সিল মারা ব্যালটগুলো ‘নষ্ট ব্যালট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
২২ দিন আগে
কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে ধরা যুবকের ২ বছরের কারাদণ্ড
কিশোরগঞ্জ-১ আসনের হোসেনপুর উপজেলায় এক যুবককে জাল ভোটের চেষ্টায় ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার জিনারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই কেন্দ্রে দুপুরের আগে জাল ভোট দিতে যান ইমরান হোসাইন (২১)। এ সময় জনগণ তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এরপর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. কাউসার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে।
২২ দিন আগে
ভোটকেন্দ্রে ঢুকে ভোট চাওয়ায় কুষ্টিয়া বিএনপির সভাপতি আটক
ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করেন।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, নির্বাচনি আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, আটক ওই বিএনপি নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
২২ দিন আগে
১২০ বছর বয়সে ভোটকেন্দ্রে মণিরামপুরের সরণা বেগম
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে অনেকটা। কিন্তু গণতান্ত্রিক অধিকার আর নাগরিক দায়িত্ববোধের কাছে হার মেনেছে বার্ধক্য।
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের বাসিন্দা সরণা বেগম ১২০ বছর বয়সেও ভোট দিতে কেন্দ্রে হাজির হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বজনদের সহযোগিতায় এবং লাঠিতে ভর দিয়ে তিনি স্থানীয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। শতবর্ষী এই বৃদ্ধাকে ভোটকেন্দ্রে দেখে উপস্থিত অন্য ভোটার ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্মিত ও অনুপ্রাণিত হন।
সরণা বেগমের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে দুর্বল, কিন্তু ভোট দেওয়ার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সংকল্পবদ্ধ। তার মতে, ‘ভোট দেওয়া কেবল অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত।’
সরণা বেগমের এই অংশগ্রহণ প্রমাণ করেছে, দেশ ও গণতন্ত্রের প্রতি ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না। তার এই উদ্দীপনা নতুন প্রজন্মের ভোটারদের জন্য এক বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে অভিমত স্থানীয় সচেতন মহলের।
২২ দিন আগে
ভোট এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট এবার এতটা উৎসবমুখর হবে, এটা কেউ ভাবেনি। মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। নির্বাচন অনেক সুন্দর হয়েছে। জনগণ এবার একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে, যার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি।
এ ছাড়াও নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান বিএনপি মহাসচিব।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।
২২ দিন আগে